Health Tips: রাতে ওয়াই-ফাই বন্ধ করে ঘুমালে স্বাস্থ্যের উন্নতি হয়? কী বলছে বিজ্ঞান? | Should You Turn Off Wi Fi and Mobile Data at Night? Here is What Science Says
কলকাতা: এখনকার দিনে ওয়াই-ফাই ও মোবাইল ইন্টারনেট আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাড়ি হোক বা অফিস – প্রায় সর্বত্রই ২৪ ঘন্টা ওয়াই-ফাই রাউটার চালু থাকে। অন্যদিকে, অনেকেই ২৪ ঘন্টা ফোনের মোবাইল ডেটা ও রাখেন। কিন্তু রাতে ঘুমানোর সময় ওয়াই-ফাই বা মোবাইল ডেটা চালু রাখলে কি শরীরের ক্ষতি হয়? নাকি ঘুমানোর আগে ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিৎ? এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই থাকে।
ওয়াই-ফাই রাউটার ও মোবাইল নেটওয়ার্ক থেকে এক ধরনের তরঙ্গ বের হয়, যাকে Electro Magnetic Radiation বলা হয়। এটি এক্স-রে বা গামা রশ্মির মতো নয়। এই তরঙ্গের শক্তি অনেক কম। তাই সাধারণ ওয়াই-ফাই সিগন্যাল সরাসরি শরীরের DNA নষ্ট করে, এমন কোনও প্রমাণ নেই। বিজ্ঞানীদের মতে, বাড়িতে ব্যবহার করা ওয়াই-ফাই সিগন্যাল নির্ধারিত নিরাপত্তা সীমার মধ্যেই থাকে। এখনও পর্যন্ত ওয়াই-ফাই ব্যবহার করে কেউ অসুস্থ হয়েছে, এমন কথা শোনা যায়নি।
কিছু গবেষণাতে ইলেক্ট্রনিক ডিভাইসের সঙ্গে ঘুমের সমস্যার সম্পর্ক পাওয়া গিয়েছে। ঘুমের জন্য শরীরে মেলাটোনিন নামে একটি হরমোন তৈরি হয়। কিছু গবেষণায় এই হরমোনের উপর ইলেকট্রিক ডিভাইসের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তবে শুধু ওয়াই-ফাই সিগন্যালের কারণে ঘুমের সমস্যা হয়, এমন নিশ্চিত প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, রাতে অনেকক্ষণ মোবাইল দেখা, ফেসবুক-ইন্সটা ব্যবহার করা, গেম খেলা বা বারবার নোটিফিকেশন আসা ঘুমের ক্ষতি করে। এসবের ফলে মস্তিষ্ক সহজে শান্ত হতে পারে না।
শিশু ও গর্ভবতী মহিলাদের রাতে মোবাইল ব্যবহার না করতে দেওয়াই ভাল। কারণ, শিশুরা রাতে ফোন ব্যবহার করলে তা তাদের চোখ ও মস্তিষ্ক – দুইয়ের উপরই প্রভাব ফেলে। গর্ভবতী মহিলাদেরও এই সময়ে বিশ্রামের প্রয়োজন। রাতে ফোন দেখলে তাঁদের শরীরও চাপে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা একটি সংস্থা ২০১১ সালে Electro Magnetic Radiation কে ‘সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে এর অর্থ এই নয় যে, ওয়াই-ফাই ব্যবহার করলেই ক্যান্সার হবে। এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। তবে বিজ্ঞানীদের মতে, শুধু স্বাস্থ্যের কথা ভেবে রাতে ওয়াই-ফাই বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। তবে ঘুমানোর সময় ফোনের ডেটা ও ওয়াই-ফাই – এই দুটি বন্ধ রাখলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন, বিদ্যুৎ সাশ্রয় হবে, ফোনের চার্জ বাঁচবে ও নোটিফিকেশনের আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটবে না।