Chaos at School: ছাত্রীকে অশালীন মেসেজ! সাসপেন্ড শিক্ষকের প্রত্যাবর্তনে রণক্ষেত্র দক্ষিণ কলকাতার নামী স্কুল | Chaos at South Kolkata's Patha Bhavan as Students and Teachers Protest Reinstated Teacher Accused of Misconduct - 24 Ghanta Bangla News
Home

Chaos at School: ছাত্রীকে অশালীন মেসেজ! সাসপেন্ড শিক্ষকের প্রত্যাবর্তনে রণক্ষেত্র দক্ষিণ কলকাতার নামী স্কুল | Chaos at South Kolkata’s Patha Bhavan as Students and Teachers Protest Reinstated Teacher Accused of Misconduct

Spread the love

স্কুলের বাইরে বিক্ষোভImage Credit: TV9 Bangla

কলকাতা: স্কুল ছাত্রী ও সহকর্মী শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ ঘিরে এবার উত্তাল দক্ষিণ কলকাতার প্রথম সারির স্কুল। কয়েক মাস আগেই বাংলার ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়। জল গড়ায় আদালতে। আদালত হাইকোর্টের নির্দেশে সাসপেনশন উঠে যাওয়ার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষক কাজে যোগ দিতে এলে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও শিক্ষিকারা। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসে। স্কুলের বাংলা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে জানা যায়, শুধু ছাত্রী নয়, স্কুলের একাধিক সহকর্মী শিক্ষিকাকেও তিনি একই ধরনের অশ্লীল ও বিতর্কিত মেসেজ পাঠাতেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষ প্রথমে ওই শিক্ষককে ছুটিতে পাঠায় এবং সেপ্টেম্বর মাসে তাঁকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের তরফে থানায় একটি এফআইআর-ও দায়ের করা হয়েছিল।

নিজের সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত শিক্ষক। কয়েক সপ্তাহ মামলা চলার পর উচ্চ আদালতের নির্দেশে তাঁর সাসপেনশন প্রত্যাহার হয়। পুজোর ছুটি মিটতেই মঙ্গলবার সকালে ফের স্কুলে কাজে যোগ দিতে আসেন তিনি। অভিযোগ, এদিন স্কুলে এসেও তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন। এরপরেই ধৈর্যের বাঁধ ভাঙে পড়ুয়াদের। সকাল ১১টা থেকে স্কুলের সামনে অবস্থান-বিক্ষোভে বসে পড়ে তারা। কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভে শামিল হন স্কুলের সহশিক্ষিকারাও।

পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষককে দীর্ঘক্ষণ টিচার ইন-চার্জের ঘরে বসিয়ে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ওই শিক্ষককে ঘেরাওমুক্ত করে একটি ট্যাক্সিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ট্যাক্সি আটকে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। বাধ্য হয়ে অভিযুক্ত শিক্ষককে ট্যাক্সি থেকে নামিয়ে পুনরায় টিচার ইন-চার্জের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পড়ুয়াদের তীব্র বচসা ও বাগযুদ্ধ শুরু হয়। অভিযুক্ত শিক্ষক গড়িয়াহাট থানাকে লিখিত জানিয়ে দেন, তিনি আর স্কুলে আসবেন না। এরপরই পুলিশের গাড়ি অভিযুক্ত শিক্ষককে স্কুলের ভিতর থেকে বার করে আনেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *