Bathing Before Soap: জানেন সাবান আবিষ্কারের আগে কী দিয়ে স্নান করতেন আদিম যুগের মানুষ? | History of Soap: How Did Early Humans Bathe Before Soap Was Invented?
বিস্তারিত জানতে পড়ুন।Image Credit: AI Tool
রোজ স্নান করতে গেলে আমাদের সাবান (Soap) বা শ্যাম্পু তো লাগেই। এগুলো ছাড়া আধুনিক জীবনে স্নানের কোনও উপায় আমরা ভাবতেই পারি না। কিন্তু কখনও ভেবে দেখেছেন, হাজার হাজার বছর আগে তো এসব কিছুই ছিল না! তাহলে তখন আদিম যুগের মানুষ কীভাবে স্নান করতেন? তাঁরা কি তবে দিনের পর দিন অপরিষ্কার থাকতেন? উত্তর হল, একদমই নয়। বরং প্রাচীন যুগের মানুষ শরীর পরিষ্কার রাখতে নানা রকম প্রাকৃতিক উপায় বেছে নিয়েছিলেন। সেই আদিম যুগে স্নানের অবাক করা পদ্ধতিগুলো জানলে আপনি চমকে যাবেন।
কী কী করতেন?
সাবান আবিষ্কারের কথা তখন কেউ স্বপ্নেও ভাবেননি। সেই সময় মানুষ নদী, পুকুর বা ঝরনার পরিষ্কার জলে স্নান করতেন। শরীরের কাদা, ঘাম আর ধুলো ধুয়ে ফেলার জন্য জলই ছিল প্রধান উপায়। ইতিহাস ঘাটলে দেখা যায়, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কীভাবে পরিষ্কার থাকতেন, তার খুব নির্দিষ্ট প্রমাণ হাতে নেই। তবে গবেষকদের মতে, প্রকৃতির নানা উপাদান ব্যবহার করে শরীর পরিষ্কার রাখার এই অভ্যাস মানুষের বহু পুরনো।
শুনলে হয়তো খুব অবাক লাগবে, প্রাচীন গ্রিস ও রোমে স্নানের জন্য নদীর বালি ব্যবহার করা হত। এর সঙ্গে থাকত বিশেষ এক ধরনের মাটি, কাঠের ছাই এবং ঝামাপাথর। এই জিনিসগুলো দিয়ে শরীর ঘষে ঘষে তাঁরা ময়লা তুলতেন। এরপর স্নান শেষে তাঁরা গায়ে মাখতেন বিভিন্ন সুগন্ধি তেল। প্রাচীন গ্রিক ও রোমানদের স্নানের আরও একটি মজার পদ্ধতি ছিল। তাঁরা ধাতুর তৈরি একটা ছোট যন্ত্র দিয়ে শরীরের তেল ও ময়লা চেঁছে ফেলে দিতেন। এই বিশেষ যন্ত্রটির নাম ছিল ‘স্ট্রিজিল’।
প্রথম সাবান তৈরি হল কীভাবে?
প্রাচীন মেসোপটেমিয়া ও ব্যাবিলনে প্রথম এই চেষ্টা হয়েছিল। প্রায় ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে পশুর চর্বি আর গাছের ছাই মিশিয়ে সাবানের মতো একটা জিনিস তৈরি করা হয়। ব্যাবিলনের পুরনো নিদর্শনে এমন জিনিসের প্রমাণ পাওয়া গিয়েছে। অন্যদিকে, প্রাচীন মিশরের মানুষেরাও শরীর পরিষ্কার রাখতে তেল, চর্বি আর ক্ষার মিশিয়ে স্নানের উপাদান তৈরি করতেন।
ভারতের ইতিহাসও কিন্তু বেশ চমকপ্রদ। সিন্ধু সভ্যতায় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দারুণ উন্নত স্নানঘর তৈরি হয়েছিল। ইতিহাস বইতে আমরা মহেঞ্জোদড়োর বিশাল স্নানাগারের কথা অনেকেই পড়েছেন। স্নান করাটা যে তখনকার দিনেও কত জরুরি ছিল, এটা তারই প্রমাণ। অর্থাৎ, তখন আধুনিক সাবান না থাকলেও পরিচ্ছন্নতার বিষয়ে প্রাচীন মানুষ খুব সচেতন ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে আমাদের স্নানের ধরন। কিন্তু পরিষ্কার থাকার এই ইচ্ছেটা মানুষের চিরকালের।