মধুচক্রের ফাঁদ থেকে ঋণের প্রলোভন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কীভাবে চলছে গুপ্তচরবৃত্তি?

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তাঁর কথায়, শুধু মধুচক্র বা হানিট্র্যাপের মাধ্যমে তথ্য হাতানোর…
নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তাঁর কথায়, শুধু মধুচক্র বা হানিট্র্যাপের মাধ্যমে তথ্য হাতানোর চেষ্টা নয়, সাইবার নজরদারি থেকে শুরু করে আর্থিক প্রলোভন, বিভিন্ন উপায়ে সংবেদনশীল তথ্য হাতানোর চেষ্টা চলছে। এই ধরনের বিপদ মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার নয়াদিল্লিতে ANI আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি সামিট ৩.০-তে বক্তব্য রাখছিলেন বায়ুসেনাপ্রধান। প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও হানিট্র্যাপের শিকার হতে পারেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টিকে শুধুমাত্র মধুচক্রের ফাঁদ হিসেবে দেখলে ভুল হবে। বর্তমানে সাইবার মাধ্যম এবং নানা ধরনের প্রলোভন ব্যবহার করে গুপ্তচরবৃত্তির চেষ্টা হচ্ছে।
দীক্ষিতের কথায়, মাল্টি লেভেল মার্কেটিংয়ের ফাঁদ কিংবা চড়া সুদের ঋণদাতাদের মাধ্যমেও ব্যক্তিদের বিপাকে ফেলার চেষ্টা হতে পারে। এই ধরনের একাধিক পদ্ধতি সক্রিয় রয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সেনাবাহিনী। এমন বিপদ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এয়ার-গ্যাপড নেটওয়ার্কেও নজর, চিন্তা ইনসাইডার থ্রেট নিয়ে
সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা প্রসঙ্গে বায়ুসেনাপ্রধান জানান, সামরিক বাহিনীর নেটওয়ার্ক এয়ার-গ্যাপড। অর্থাৎ, বাইরের নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় সাধারণ পদ্ধতিতে দূর থেকে সাইবার হামলা চালানো কঠিন। তবে অভ্যন্তরীণ সূত্র থেকে তথ্য ফাঁস বা ইনসাইডার থ্রেটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।
এই সমস্যা মোকাবিলায় প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক, দুই ধরনের ব্যবস্থাই কার্যকর করা হয়েছে। শুধু সরকারি প্রতিরক্ষা সংস্থা বা ডিআরডিও-র গবেষণাগার নয়, বেসরকারি ক্ষেত্রের কিছু সংস্থার জন্যও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন দীক্ষিত।
বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলিকেও সতর্কবার্তা
বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলির সাইবার নিরাপত্তা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ বা সচেতনতা কর্মসূচি চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে দীক্ষিত জানান, ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সংস্থা বেসরকারি ক্ষেত্রকে নেটওয়ার্ক ব্যবহারের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিচ্ছে।
তাঁর মতে, সঠিক সফটওয়্যার ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থার দেওয়া নির্দেশিকা মেনে চললে সাইবার হামলার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
চিনের গতিবিধির উপরেও নজর ভারতের
এদিন সম্মেলনের অন্য একটি আলোচনাসভায় চিনের সামরিক তৎপরতা নিয়েও মুখ খোলেন বায়ুসেনাপ্রধান। তাঁর বক্তব্য, প্রতিপক্ষের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারত। সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পরিকল্পনাও তৈরি রয়েছে।
প্রতিপক্ষের সামরিক সক্ষমতা বিচার করতে শুধু অস্ত্রশস্ত্র নয়, সেনাকর্মীদের প্রশিক্ষণ, নেটওয়ার্ক নির্ভর যুদ্ধের দক্ষতা এবং বিমান বা অন্যান্য সামরিক সরঞ্জাম কত উচ্চতায় কাজ করতে পারে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার উপর বরাবরই জোর দিয়ে এসেছে ভারত। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছিলেন, সীমান্তে কোনও ধরনের অশান্তি তৈরি হলে তার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে।
এসআইআর নিয়ে বড় ঘোষণা কমিশনের! বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর সুযোগ
৩ দিনেই বদলা! ভারতীয় সেনার এনকাউন্টারে খরচ CRPF হামলার মাস্টার মাইন্ড লতিফ