বিমানবন্দরে হঠাৎ আগুন, আতঙ্ক
রবিবার বিকেলে কোচবিহার বিমানবন্দরের সীমানার ভিতরে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। শুকনো ঘাসে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে খবর। পাশেই থাকা মরা তোর্সা নদীতে এ দিন ছটপুজোর আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই কোনও ভাবে কোনও আতশবাজির ফুলকি ওই শুকনো ঘাসে উড়ে এসে পড়ে। তাতেই আগুন লেগে যায় বলে অনুমান। খবর পেয়ে কোচবিহার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য নিয়ন্ত্রণে আসে আগুন। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।