SIR নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে জেরার অনুমতি চাইল বিরোধীরা! জমা ৪৮টি প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

SIR নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে জেরার অনুমতি চাইল বিরোধীরা! জমা ৪৮টি প্রশ্ন

Spread the love


নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Opposition)প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াই আরও জোরদার করল বিরোধী দলগুলির INDI জোট। এবার এই প্রক্রিয়া…

নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Opposition)প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াই আরও জোরদার করল বিরোধী দলগুলির INDI জোট। এবার এই প্রক্রিয়া সংক্রান্ত মামলার শুনানিতে ভারতের নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী পক্ষের আবেদনকারীরা।

সোমবার আদালতে জমা দেওয়া আবেদনে তাঁদের অভিযোগ, SIR নিয়ে চলা মামলায় নির্বাচন কমিশন যে জবাব দিয়েছে, সেখানে প্রয়োজনীয় তথ্য ও প্রামাণ্য নথি পেশ করার পরিবর্তে একাধিক দাবি করা হয়েছে। সেই দাবিগুলির সত্যতা যাচাই করতে কমিশনের শীর্ষ কর্তাদের সরাসরি প্রশ্ন করা প্রয়োজন বলে দাবি করেছেন তাঁরা।

আরও দেখুনঃ মধুচক্রের ফাঁদ থেকে ঋণের প্রলোভন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কীভাবে চলছে গুপ্তচরবৃত্তি?

বিরোধীদের পক্ষ থেকে আদালতে মোট ৪৮টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে। (Opposition)এই প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এবং ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরুকে।

বিরোধীদের বক্তব্য, SIR পরিচালনার সিদ্ধান্ত, তার অনুমোদন, ভোটার তালিকার তথ্যভান্ডারে পরিবর্তন এবং ECINET ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে, যা একমাত্র নির্বাচন কমিশনের কাছেই পাওয়া সম্ভব। তাই কমিশনের নিজস্ব বক্তব্য যাচাই করার জন্যই এই প্রশ্নমালা পেশ করা হয়েছে। কোনও অপ্রাসঙ্গিক বা উদ্দেশ্যহীন অনুসন্ধান চালানো তাঁদের লক্ষ্য নয় বলেও আবেদনে স্পষ্ট করা হয়েছে।

বিরোধীদের ৪৮টি প্রশ্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল দেশজুড়ে SIR চালুর সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল। ২০২৫ সালে নির্বাচন কমিশন দেশব্যাপী SIR পরিচালনার নির্দেশ জারি করেছিল। কিন্তু পরবর্তী সময়ে একটি RTI-র জবাবে কমিশন জানায়, এই সিদ্ধান্ত সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে উপলব্ধ নেই।

বিরোধীদের প্রশ্ন, তাহলে দেশজুড়ে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি চালুর সিদ্ধান্ত ঠিক কখন, কীভাবে এবং কোন প্রশাসনিক প্রক্রিয়ায় নেওয়া হয়েছিল? কমিশনের প্রত্যেক সদস্য কি এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছিলেন, নাকি তাঁদের মধ্যে কোনও মতপার্থক্য ছিল? সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট ফাইল নম্বর, বৈঠকের বিবরণ, অনুমোদনের তারিখ এবং প্রত্যেক সদস্যের সম্মতির নথিও চেয়েছেন আবেদনকারীরা।

নির্বাচন কমিশনের অন্দরমহলে SIR নিয়ে মতপার্থক্যের সম্ভাবনা ঘিরেও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২৬ অক্টোবর পর্যন্ত কমিশনার সুখবীর সিং সান্ধু বা বিবেক যোশী SIR, ECINET, Form 6 কিংবা আপিল সংক্রান্ত বিষয়ে লিখিতভাবে কোনও আপত্তি বা ভিন্নমত জানিয়েছিলেন কি না, তা জানতে চাওয়া হয়েছে।

এমন কোনও ঘটনা ঘটে থাকলে তার তারিখ, ফাইল নম্বর এবং (Opposition )বিষয়বস্তুর বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ২০২৩ সালের আইনের ১৮(২) ধারার অধীনে কমিশনের কোনও সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়েছিল কি না, সেটিও জানতে চেয়েছেন বিরোধীরা। এমন সিদ্ধান্ত হয়ে থাকলে কোন সদস্য ভিন্নমত পোষণ করেছিলেন, তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ভোটার তালিকার তথ্যভান্ডারের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে INDIA জোট। কারা ভোটারের নাম যুক্ত করা, বাদ দেওয়া, সংশোধন করা কিংবা পুনরায় অন্তর্ভুক্ত করার অনুমতি পেয়েছিলেন, তা জানতে চাওয়া হয়েছে।

এমনকী কোনও বেসরকারি সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের এই তথ্যভান্ডারে বিশেষ প্রবেশাধিকার বা সরাসরি পরিবর্তন করার ক্ষমতা দেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও রয়েছে। ECINET ব্যবস্থায় প্রতিটি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর ইউজার অ্যাকাউন্ট, তারিখ, সময় এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের নির্দেশ সংরক্ষিত রয়েছে কি না, তার বিস্তারিত তথ্যও চেয়েছেন আবেদনকারীরা।

অনলাইন Form 6 জমা দেওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। ফর্মে নতুন ঘোষণাপত্র যুক্ত করার কারণ কী এবং সেই ঘোষণাপত্র বা ম্যাপিং সংক্রান্ত তথ্য জমা না দেওয়ার জন্য কতগুলি আবেদন বাতিল কিংবা আটকে রাখা হয়েছে, তা জানতে চেয়েছে বিরোধী পক্ষ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়ে কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে।

বিচারবিভাগীয় আধিকারিকদের দেওয়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন কতগুলি আপিল করেছে, কারা সেই আপিলের অনুমোদন দিয়েছেন এবং কোন মানদণ্ডে নির্দিষ্ট মামলাগুলি বেছে নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *