Arambagh: ৬ ভরি সোনা দিলে মেডিক্যালে চাকরি! নেতার যা পরিণতি হল... | TMC Leader Arrested in Arambagh Over Medical College Job Scam - 24 Ghanta Bangla News
Home

Arambagh: ৬ ভরি সোনা দিলে মেডিক্যালে চাকরি! নেতার যা পরিণতি হল… | TMC Leader Arrested in Arambagh Over Medical College Job Scam

Spread the love

আরামবাগ: মেডিক্যাল কলেজে চাকরি পাইয়ে দেওয়ার নামে সাড়ে ৩ লক্ষ টাকা এবং ৬ ভরি সোনা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক প্রভাবশালী তৃণমূল নেতা। হুগলির আরামবাগের এই চাঞ্চল্যকর ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

ধৃত ওই নেতার নাম ফিরোজ মল্লিক। তিনি আরামবাগের কালীপুরের বাসিন্দা এবং স্থানীয় সাংসদ ও প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের আন্দিমহল্লার বাসিন্দা শেখ সাহেবকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন অভিযুক্ত ফিরোজ মল্লিক। সেই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে ওই চাকরিপ্রার্থী নগদ সাড়ে ৩ লক্ষ টাকা এবং ৬ ভরি সোনা তুলে দেন ওই নেতার হাতে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না মেলায় এবং টাকা-সোনা ফেরত না পেয়ে অবশেষে কঠোর পদক্ষেপ করেন ভুক্তভোগী।

 গত রবিবার আরামবাগ থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শেখ সাহেব। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে আরামবাগ থানার পুলিশ। দ্রুত তদন্ত শুরু করে আজ ভোরে অভিযুক্ত ফিরোজ মল্লিককে তাঁর নিজের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ।

আজই ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের প্রাথমিক দাবি, জিজ্ঞাসাবাদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত নেতা। তবে এই দুর্নীতির নেপথ্যে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *