Alia Bhatt Birth: আলিয়া গর্ভে থাকাকালীন দিনে ১০০টি সিগারেট খেয়েছিলেন সোনি রাজদান! কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন? | Soni Razdan Reveals She Smoked 100 Cigarettes While Pregnant With Alia Bhatt
গর্ভাবস্থায় চিকিৎসকেরা অনেক নিয়ম মেনে চলার পরামর্শ দেন। নেশার জিনিস তো একেবারেই বাদ। কিন্তু বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনি রাজদান (Soni Razdan) নাকি দিনে ১০০টি পর্যন্ত সিগারেট খেয়েছিলেন! তাও আবার তখন, যখন তাঁর গর্ভে বেড়ে উঠছে ছোট্ট আলিয়া ভাট (Alia Bhatt)। কী এমন হয়েছিল যে হবু মা হয়েও এমন ভয়ংকর কাণ্ড ঘটিয়েছিলেন তিনি?
কী বলেছেন আলিয়া ভাটের মা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেলে আসা দিনের কথা বলতে গিয়ে সোনি শোনান সেই অবিশ্বাস্য ঘটনা। ১৯৯৩ সাল। মহেশ ভাটের ‘গুমরাহ’ ছবির শুটিং চলছে। অভিনেত্রী বলেন, “ওই ছবির একটা স্মোকিং সিন বা ধূমপানের দৃশ্যের জন্য আমাকে দিনে ১০০টা সিগারেট খেতে হয়েছিল! আমি ঘুণাক্ষরেও জানতাম না যে আলিয়া তখন আমার পেটে। এমনিতে আমি একেবারেই সিগারেট খাই না, কিন্তু ওই দৃশ্যটার পর আমার রীতিমতো ক্রেভিং শুরু হয়ে গিয়েছিল।”
শুধু সিগারেটই নয়, অন্তঃসত্ত্বা অবস্থাতেই একটা ভয়ংকর ফাঁসির দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি। এই দৃশ্যটির পর শুটিং থেকে তিনি একটা বড় ব্রেক নেন। পাঁচ মাস পর যখন সেটে ফিরলেন, তখন পুরনো কস্টিউম আর তাঁর গায়ে ফিট হচ্ছিল না। বেবি বাম্প বেশ স্পষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে নির্মাতাদের তাঁর পোশাক বদলাতে হয়।
আলিয়ার দিদি শাহিনের জন্মের সময়ও চুটিয়ে কাজ করেছেন সোনি। ১৯৮৬ সালে জনপ্রিয় টিভি শো ‘বুনিয়াদ’-এর শুটিংয়ের সময় তিনি প্রথমবার গর্ভবতী হন। সেই সময় তাঁরা আন্ধেরির লোখন্ডওয়ালায় থাকতেন। জায়গাটা তখন একদম ফাঁকা। সকালে একটা ট্যাক্সিও জুটত না। তবে শোয়ের নির্মাতারা খুব সাহায্য করেছিলেন বলে জানান সোনি। ভোর ৬টায় যাতায়াতের জন্য তাঁরাই গাড়ির ব্যবস্থা করে দিতেন। এমনকি সেটেও তাঁর খুব যত্ন নেওয়া হত।
এখনকার মতো তখন মা হওয়াটা খুব একটা সহজ ছিল না। প্রযোজকেরা ভয় পেতেন, বাচ্চা অসুস্থ হলে যদি নায়িকা কাজ ছেড়ে পালান! তাই প্রযোজকদের টেনশন কমাতে বাচ্চা হওয়ার বিষয়টা সেসময় লুকিয়ে রাখতে হত। ১৯৯৫ সালে ‘আ মাউথফুল অফ স্কাই’ সিরিয়ালের শুটিং চলাকালীন এক আতঙ্কের কথাও শোনান তিনি। সেটে হঠাৎ খবর আসে, তাঁর দুই মেয়ে বাড়ির বাইরে আটকে পড়েছে। তখন সেটে বসে কীভাবে বাচ্চাদের ঘরে ঢোকাবেন বা প্রতিবেশীর কাছে পাঠাবেন, তা ভেবে রীতিমতো কালঘাম ছুটেছিল তাঁর। সেই টেনশনের কথা আজও ভোলেননি সোনি।
তবে এখন সময় বদলেছে। আলিয়া নিজে যখন মা হতে চলেছিলেন, তখন তিনি চুটিয়ে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিং করেছেন। কাজ করেছেন ‘ডার্লিংস’-এর প্রযোজক হিসেবেও। মেয়েকে সব বাধা পেরিয়ে এভাবে স্বাধীনভাবে কাজ করতে দেখে আজ রীতিমতো খুশি আলিয়া-কন্যে রাহার দিদিমা।
(বিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গর্ভাবস্থায় ধূমপান মা ও শিশু, উভয়ের জন্যই চরম বিপজ্জনক।)