বৃষ্টির স্বস্তি উধাও, ফের ‘মাঝারি’ দূষণের কবলে কলকাতা

কলকাতা: কয়েক দিনের স্বস্তির পর ফের বাড়ল কলকাতার বায়ুদূষণ (Kolkata Air Pollution)। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত শহরের বাতাসের গুণমান ‘সন্তোষজনক’ (Satisfactory) পর্যায়ে থাকলেও শনিবার তা…
কলকাতা: কয়েক দিনের স্বস্তির পর ফের বাড়ল কলকাতার বায়ুদূষণ (Kolkata Air Pollution)। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত শহরের বাতাসের গুণমান ‘সন্তোষজনক’ (Satisfactory) পর্যায়ে থাকলেও শনিবার তা নেমে এসেছে ‘মাঝারি’ (Moderate) স্তরে। পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, শীত যত এগিয়ে আসবে, দূষণের মাত্রা ততই বাড়তে পারে।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া প্রবল বৃষ্টির জেরে বাতাসে জমে থাকা দূষিত কণা অনেকটাই ধুয়ে গিয়েছিল। ফলে শহরের বায়ুর গুণমানের উন্নতি হয়েছিল। কিন্তু পরবর্তী কয়েক দিনে ফের বাতাসে দূষিত পদার্থ জমতে শুরু করেছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা আরও বাড়তে পারে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিকের কথায়, শীতের সময় কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে এমন প্রবণতা প্রতি বছরই দেখা যায়।
এক ধাক্কায় ১৩০-তে AQI
শনিবার দুপুর ৩টেয় কলকাতার সাতটি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের গড় AQI ছিল ১৩০। অর্থাৎ, শহরের বাতাসের গুণমান ছিল ‘মাঝারি’ পর্যায়ে। এর আগের কয়েক দিনের পরিসংখ্যান ছিল অনেকটাই স্বস্তিদায়ক।
বুধবার কলকাতার AQI ছিল ৮৮, বৃহস্পতিবার ৬০ এবং শুক্রবার আরও কমে ৮৩ হয়েছিল। কিন্তু শনিবার ফের তা বেড়ে ১৩০-তে পৌঁছয়। শনিবার দিনের বেশিরভাগ সময় শহরের সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রেই বায়ুর গুণমান ‘মাঝারি’ পর্যায়ে ছিল।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর নির্ধারিত সূচক অনুযায়ী, AQI ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বাতাসের গুণমান ‘সন্তোষজনক’ বলে বিবেচিত হয়।
বায়ুর গুণমান ‘ভালো’ থাকলে স্বাস্থ্যের উপর তার প্রভাব ন্যূনতম। ‘সন্তোষজনক’ বাতাস সংবেদনশীল ব্যক্তিদের সামান্য শ্বাসকষ্টের কারণ হতে পারে। অন্যদিকে, ‘মাঝারি’ দূষণে ফুসফুসের রোগ, হাঁপানি ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্ট হতে পারে।
শীত বাড়লে কেন বাড়ে দূষণ?
পরিবেশ বিজ্ঞানীদের ব্যাখ্যা, বৃষ্টি বাতাসে ভাসমান দূষিত কণাকে ধুয়ে নিচে নামিয়ে দেয়। মঙ্গলবার সন্ধ্যার বৃষ্টির পর কলকাতার AQI দ্রুত উন্নত হওয়ার পিছনে এটিই অন্যতম কারণ। বর্ষাকালে ঘন ঘন বৃষ্টির কারণে বাতাসের গুণমান তুলনামূলক ভালো থাকে।
তবে শরৎ ও শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় দূষিত কণাগুলি দীর্ঘ সময় বাতাসে থেকে যায়। পাশাপাশি, এই সময়ে বাতাসের গতিও কমে যায়। ফলে গ্রীষ্ম বা বর্ষার মতো দ্রুত দূষণ ছড়িয়ে পড়তে পারে না।
Centre for Science and Environment (CSE)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনুমিতা রায় চৌধুরীর মতে, গত ২৪ ঘণ্টায় প্রধান দূষণকারী উপাদানের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে AQI-তে পরিবর্তন হতে পারে। নির্গমনের পরিমাণ এবং বায়ুমণ্ডলের পরিবর্তিত পরিস্থিতিও এর উপর প্রভাব ফেলে।
ছটপুজোয় বাজি ফাটলে বাড়তে পারে দূষণ
পরিবেশ বিজ্ঞানীদের আরও আশঙ্কা, ছটপুজোর সময় বাজি ফাটানো হলে আগামী দিনে শহরের দূষণের মাত্রা আরও বাড়তে পারে। চলতি বছরের দীপাবলিও গত কয়েক বছরের মধ্যে অন্যতম দূষিত ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কালীপুজো ও দীপাবলির সময় এ বছর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। দীপাবলির রাতে কয়েক ঘণ্টা ধরে বাজি ফাটানোর ফলে বিপুল পরিমাণ দূষিত পদার্থ বাতাসে ছড়িয়ে পড়েছিল। কম তাপমাত্রার কারণে সেই দূষিত কণা দ্রুত ছড়িয়ে যেতে পারেনি এবং বাতাসে দীর্ঘ সময় ভেসে ছিল।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, মাঝেমধ্যে বৃষ্টি হলে এক-দু’দিনের জন্য AQI-এর উন্নতি হতে পারে। কিন্তু শীতের মরশুমে দূষণ নিয়ন্ত্রণে তা দীর্ঘস্থায়ী স্বস্তি দিতে পারবে না।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.