Katwa Anganwadi: খিচুড়িতে কুকুর মুখ দিয়েছিল, তবুও খেতে দিয়েছিলেন শিশুদের, সেই ICDS কর্মীর সঙ্গে যা করা হল... | Katwa Anganwadi Row: Villagers Protest After Worker Allegedly Serves Dog Contaminated Food to Children - 24 Ghanta Bangla News
Home

Katwa Anganwadi: খিচুড়িতে কুকুর মুখ দিয়েছিল, তবুও খেতে দিয়েছিলেন শিশুদের, সেই ICDS কর্মীর সঙ্গে যা করা হল… | Katwa Anganwadi Row: Villagers Protest After Worker Allegedly Serves Dog Contaminated Food to Children

Spread the love

কাটোয়া: কুকুরে মুখ দেওয়া খিচুড়ি ও ডিম শিশু এবং প্রসূতি মায়েদের মধ্যে বিতরণের অভিযোগে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়ার মালঞ্চ গ্রামে। ওই দূষিত খাবার খেয়ে গ্রামের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি বাসিন্দাদের। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে আজ, রবিবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মালঞ্চ গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের জন্য খিচুড়ি এবং ডিম রান্না করা হয়েছিল। অভিযোগ, রান্না করা সেই খাবারে কুকুর মুখ দেয়। বিষয়টি নজরে আসতেই রাঁধুনি খাবার বিতরণ করতে আপত্তি জানান। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী মণ্ডল সেই আপত্তি অগ্রাহ্য করে ওই খাবারই বিতরণ করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, ওই খাবার খাওয়ার পর থেকেই বেশ কয়েকজনের বমি, পেটব্যথা এবং পেটের সমস্যা শুরু হয়।

ঘটনার কথা জানাজানি হতেই আজ রবিবার গ্রামে ক্ষমা চাইতে আসেন অভিযুক্ত কর্মী সরস্বতী মণ্ডল। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত কর্মীকে অবিলম্বে ওই কেন্দ্র থেকে বদলির দাবি তুলেছেন বাসিন্দারা।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি অরবিন্দ ঘোষ। তিনি বলেন, “কুকুরে মুখ দেওয়া খাবার বিতরণ করা হয়েছে, যা খেয়ে ইতিমধ্যেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এলাকায় দ্রুত মেডিক্যাল টিম পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছি। বিষয়টি বিধায়ককেও জানানো হয়েছে।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের হাত থেকে অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে উদ্ধার করে নিরাপদে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *