AIFF Election: শেষ মুহূর্তে চমক দমনের! ফেডারেশনের নির্বাচনে দমনের প্রতিনিধি হলেন কল্যাণ চৌবে! | The Daman Football Association submitted the name of Kalyan Chaubey as its representative for AIFF Election
কলকাতা: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগে ক্রমশ জমে উঠছে প্রশাসনিক লড়াই। ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে এখন চরম বিপাকে। কারণ তাঁকে ইলেকটোরিয়াল কলেজের প্রতিনিধি হিসেবে পাঠাতে কোনও রাজ্য ফুটবল সংস্থাই আগ্রহ দেখায়নি। এমনকি, গতবার যে গুজরাটের প্রতিনিধি হিসেবে ফেডারেশনে এসেছিলেন কল্যাণ, সেই রাজ্য থেকেও তাঁর নাম পাঠানো হয়নি। তবে শেষ মুহূর্তে নতুন করে চমক দিয়েছে দমন ফুটবল সংস্থা। যদিও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই নাম জমা পড়ায় আদৌ তাঁকে অন্তর্ভুক্ত করা হবে কি না, সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত পরশু অবধিও পরিস্থিতি ছিল কল্যাণের জন্য বেশ অস্বস্তিকর। শুক্রবার সন্ধে ৬টার মধ্যে সমস্ত সংস্থার তরফ থেকে তাদের প্রতিনিধিদের নাম পাঠানোর ডেডলাইন ছিল। গত পরশু পর্যন্ত প্রস্তাবিত ভোটার তালিকায় কল্যাণের নাম কোনও সংস্থাই পাঠায়নি। সূত্রের খবর, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর দমন ফুটবল সংস্থা নির্বাচনী অফিসারকে তাদের প্রতিনিধি হিসেবে কল্যাণ চৌবের নাম পাঠাল।
সূত্রের খবর, দমন ফুটবল সংস্থা এর আগে তাদের প্রতিনিধির নাম পাঠালেও, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচনী অফিসারকে ফের নতুন প্রস্তাবিত দুই ভোটারের নাম পাঠায়। তার মধ্যে একজন কল্যাণ চৌবে। জানা গিয়েছে এরই মধ্যে দমনের একটি স্থানীয় ক্লাবের সদস্য হয়েছেন কল্যাণ। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর দমন ফুটবল সংস্থা নতুন করে তাদের প্রতিনিধির নাম পাঠালেও, ইলেক্টোরাল অফিসার তা গ্রহণ করবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।
২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন। ইলেকটোরাল কলেজে কারও নাম না থাকলেও, প্রার্থী হতে তার বাধা নেই। শোনা যাচ্ছে, ফেডারেশন সভাপতি কল্যাণের বিরুদ্ধে অঙ্ক কষে এগোচ্ছেন প্রফুল প্যাটেল ও তাঁর গোষ্ঠী। ফলে একদিকে দমন ফুটবল সংস্থার পাঠানো নতুন নামের ভবিষ্যৎ, অন্যদিকে অন্যান্য রাজ্যের অনীহা – সব মিলিয়ে নির্বাচনের আগে ফুটবল প্রশাসনের সমীকরণ এখন ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।