হাসিনাকে ফেরাতে উদ্যোগী দিল্লি? নিরাপত্তা ও বিচার নিয়ে ঢাকাকে দুই শর্ত ভারতের

নয়াদিল্লি: দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আর তাঁর প্রত্যাবর্তনের পথ মসৃণ করতে…
নয়াদিল্লি: দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আর তাঁর প্রত্যাবর্তনের পথ মসৃণ করতে ঢাকার সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। অন্তত তেমনই দাবি বিবিসি বাংলার এক প্রতিবেদনে। তবে হাসিনার নিরাপত্তা এবং তাঁর বিরুদ্ধে চলা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার শর্তেই ভারত তাঁকে ফেরানোর বিষয়ে আগ্রহী বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চয়তা মেলেনি।
বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং সামরিক বাহিনীর কয়েকটি সূত্রের উল্লেখ করে দাবি করা হয়েছে, হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে ভারতের দুটি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, ২০২৪ সালের ৫ অগাস্ট যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে হাসিনা ভারতে এসেছিলেন, ফেরার সময়ও তাঁকে নিতে আসতে হবে সেই দেশের সেনাবাহিনীকে। প্রয়োজনে স্থলপথেও তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হতে পারে।
দ্বিতীয় শর্তটি হাসিনার বিচারপ্রক্রিয়া ঘিরে। বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিবিসি বাংলার দাবি, ভারতে প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনায় নয়াদিল্লি জানিয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করার সুযোগ দিতে হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে এবং নিরপেক্ষভাবে করতে হবে। আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের নজরদারিতেও সেই প্রক্রিয়া চালানোর পক্ষে ভারত।
প্রতিবেদনে আরও দাবি, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পরই ডিসেম্বরে ফেরার কথা ঘোষণা করেন তিনি। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে তাঁর ফেরা কঠিন বলেই মনে করছেন ভারতীয় আধিকারিকদের একাংশ।
এদিকে, গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও ভ্রমণ নথির জন্য বাংলাদেশের সরকারের কাছে আবেদন করেছেন হাসিনা। নির্বাসনে যাওয়ার পর এটিই ঢাকার সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে দাবি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে তাঁর কিছু বলার নেই। ফলে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়লেও ভারতের অবস্থান এখনও সরকারি ভাবে স্পষ্ট নয়।
৬৫ নগ্ন ছবির বিনিময়ে ভারতের গোপন সামরিক তথ্য ফাঁস উইং কমান্ডারের
দরকার নেই চিনের! মেক ইন ইন্ডিয়ায় ইতিহাস ঘটিয়ে ভারতেই এবার টানেল বোরিং মেশিন