হানি ট্র্যাপে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে সামরিক তথ্য পাচার, আদালতে চার্জশিট

নয়াদিল্লি: মোবাইলে আসত একের পর এক নগ্ন ছবি। চলত মেসেজ আদানপ্রদান, ভিডিও কলও। আর সেই যোগাযোগের আড়ালেই ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠল…
নয়াদিল্লি: মোবাইলে আসত একের পর এক নগ্ন ছবি। চলত মেসেজ আদানপ্রদান, ভিডিও কলও। আর সেই যোগাযোগের আড়ালেই ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠল এক উইং কমান্ডারের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্র ধরেই দেশের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিলেন অভিযুক্ত আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল দিল্লিতে ওই উইং কমান্ডারের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে তাঁর মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ফোন পরীক্ষা করতেই একাধিক সন্দেহজনক যোগাযোগের তথ্য সামনে আসে। তদন্তে জানা যায়, পাকিস্তানের এক যুবতীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ওই আধিকারিক। ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত তাঁদের মধ্যে কথাবার্তা চলেছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ হত দু’জনের।
তদন্তকারীদের অভিযোগ, ওই যুবতীর পাঠানো নগ্ন ছবি ও ভিডিও কলের বিনিময়ে বায়ুসেনার সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন উইং কমান্ডার। এক একটি ছবির বিনিময়ে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছিল বলেও দাবি পুলিশের। তবে ঠিক কতগুলি তথ্য পাচার হয়েছে, তা নিয়ে তদন্তের বিস্তারিত আদালতে বিচারপর্বে উঠে আসতে পারে।
পুলিশের চার্জশিটে আরও গুরুতর অভিযোগ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতীয় বায়ুসেনার প্রাথমিক পদক্ষেপ কী হতে পারে, সেই সংক্রান্ত তথ্যও পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন অভিযুক্ত। শুধু তাই নয়, পাকিস্তান থেকে তাঁকে একাধিক লিঙ্ক পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সেই লিঙ্কের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ওই অ্যাপের সাহায্যে মোবাইলে থাকা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও মনে করছেন তদন্তকারীরা।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। দিল্লির পাটিয়ালা হাউস আদালতে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এবার আদালতে শুরু হবে বিচারপ্রক্রিয়া। অভিযোগের সত্যতা বিচারপর্বেই নির্ধারিত হবে।
পঞ্জাব মুখ্যমন্ত্রীর পাক সফরে স্পষ্ট না বিদেশ মন্ত্রকের
‘মোদীকে সম্মান করি, উনি আমার গুজরাতি ভাই’, দীপাবলির শুভেচ্ছা বিতর্কে মুখ খুললেন পিত্রোদা