ফের আইনি জটিলতায় অভিষেক, এক মামলায় থানায় হাজিরা, অন্যটিতে নোটিস

কলকাতা: একদিকে ভবানীপুর থানায় হাজিরা, অন্যদিকে নতুন করে পুলিশের নোটিস। শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হল নতুন আইনি জটিলতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…
কলকাতা: একদিকে ভবানীপুর থানায় হাজিরা, অন্যদিকে নতুন করে পুলিশের নোটিস। শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হল নতুন আইনি জটিলতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে এদিন ভবানীপুর থানায় হাজির হন ডায়মন্ড হারবারের সাংসদ। এর মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে ফের তলব করেছে গিরিশ পার্ক থানার পুলিশ। আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মে মাসে সমাজমাধ্যমের মঞ্চ X-এ একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। পোস্টটিকে কেন্দ্র করে ২৭ মে ভবানীপুর থানায় একটি মামলা দায়ের হয়। মামলার নম্বর ১২১। সেই মামলার তদন্তের স্বার্থেই কলকাতা পুলিশের তরফে অভিষেককে নোটিস পাঠানো হয়েছিল। শনিবার সেই নোটিস মেনে থানায় উপস্থিত হন তিনি।
অভিযোগ, ওই পোস্টে ‘বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের পেটোয়া জ্ঞানেশ কুমার’ বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(এ), ১৯৬(১)(সি), ৩৫৩(১)(বি) এবং ৩৫৩(২) ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো এবং জনমানসে অশান্তি তৈরি করতে পারে, এমন বক্তব্য সংক্রান্ত অভিযোগেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ভবানীপুর থানায় হাজিরার দিনেই অভিষেকের কালীঘাটের বাড়িতে আরও একটি নোটিস পাঠায় পুলিশ। এবার গিরিশ পার্ক থানার একটি মামলায় তাঁকে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ কয়েক জন পুলিশ আধিকারিককে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন অভিষেক। সেই বক্তব্যে পুলিশকে হুমকি দেওয়ার সুর ছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর দাবি, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক এমন কিছু মন্তব্য করেছিলেন, যা পুলিশ আধিকারিকদের সরাসরি হুমকি দেওয়ার সামিল। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে গিরিশ পার্ক থানায় এফআইআর নথিভুক্ত করা হয়। ওই মামলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে বলে জানা গিয়েছে।
এবার সেই মামলাতেই অভিষেককে আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সব মিলিয়ে একই দিনে দুটি পৃথক মামলায় পুলিশি পদক্ষেপের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
জগদ্ধাত্রী পুজোয় ভিড় সামলাতে ২০টি বিশেষ লোকাল! চলবে ২০ নভেম্বর পর্যন্ত
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গে কবে জাঁকিয়ে বসবে শীত?