গঙ্গা-জলবণ্টনে অটোম্যাটিক রিনিউয়াল কি চায় না ভারত?
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ আর মাস খানেক পরেই শেষ হতে চলেছে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এ চুক্তির মেয়াদ ফুরনোর আগে নতুন বোঝাপড়ায় পৌঁছতে ভারতকে আলোচনায় বসার জন্য ঢাকার তাড়া থাকলেও, বাংলাদেশের আমলাদের অভিযোগ— ততটা গরজ দেখাচ্ছে না দিল্লি। নতুন চুক্তি না হলে শুষ্ক মরসুমে বাংলাদেশের জলসঙ্কট বাড়ার আশঙ্কা থাকবে বলে তাঁরা মনে করেন। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও বহু মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার উজানে অবস্থিত ২.২ কিলোমিটার দীর্ঘ ফরাক্কা ব্যারাজটি ভারত ১৯৭৫-এ চালু করে। এর পর থেকেই গঙ্গার জলবণ্টন নিয়ে দু’দেশের মধ্যে বিরোধ চলে আসছিল।