কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার অশান্তি, বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, ভাঙচুরের অভিযোগ, সিউড়িতে চাঞ্চল্য
কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে বিবাদ এবং তার জেরে বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগে চাঞ্চল্য। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। জানা গিয়েছে, ঘটনায় তিন মহিলা গুরুতর আহত হয়েছেন। একাধিক বাইক, স্কুটারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। এ দিন সিউড়ির একাধিক পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন ছিল। বিসর্জন চলাকালীনই সিউড়ির হুসনাবাদ এলাকায় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে নিমতলা এবং বেলতলার বাসিন্দাদের বচসা হয়।
অভিযোগ এরপরেই বেলতলার কয়েকজন বাসিন্দা নিমতলার কয়েকজন বাসিন্দার বাড়িতে গিয়ে চড়াও হয়। সে সময় বাড়িতে মহিলারা ছিলেন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি, বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। একাধিক বাইক, স্কুটার, সাইকেল ভেঙে দেওয়া হয়েছে। এমনকী, বাড়িতে ঢুকে টিভি-সহ একাধিক জিনিসপত্র এবং আসবাব নষ্ট করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ নিমতলার বাসিন্দাদের।
ঘটনায় তিন মহিলা গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি কয়া হয়েছে। এই ঘটনায় নিমপাড়ার বাসিন্দারা সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে, এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেই খবর।