Indonesia: হাইস্কুল পাশেরই প্রমাণ নেই! নকল সার্টিফিকেট দেওয়ায় উপ-রাষ্ট্রপতিকেই দিতে হল ইস্তফা | Indonesia Vice President Gibran Rakabuming Raka Resigns from post After Question over his High School Qualification Certificate - 24 Ghanta Bangla News
Home

Indonesia: হাইস্কুল পাশেরই প্রমাণ নেই! নকল সার্টিফিকেট দেওয়ায় উপ-রাষ্ট্রপতিকেই দিতে হল ইস্তফা | Indonesia Vice President Gibran Rakabuming Raka Resigns from post After Question over his High School Qualification Certificate

Spread the love

জাকার্তা:  শিক্ষাগত যোগ্যতার নকল বা ভুয়ো সার্টিফিকেট। এই ভুয়ো সার্টিফিকেটের মাশুল যে এত বড় দিতে হবে, তা ভাবতেও পারেননি হয়তো। শেষ পর্যন্ত ইস্তফা দিতে হল ইন্দোনেশিয়ার উপ রাষ্ট্রপতি গিবরান রাকাবুমিং রাকাকে। ৩৯ বছর বয়সী গিবরান প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। উপ রাষ্ট্রপতি গিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কয়েক মাস ধরেই প্রশ্ন উঠছিল। সম্প্রতি ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত জানায়, তিনি বিদেশ থেকে এমন কোনও ডিপ্লোমা, সার্টিফিকেট বা ডিগ্রি পেয়েছেন—যা দিয়ে প্রমাণ করা যায় তিনি হাইস্কুল পাশ করেছেন—তার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

ইন্দোনেশিয়ার নির্বাচনী আইনে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে হলে হাইস্কুল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। গিবরান বিদেশে পড়াশোনা করেছিলেন। সিঙ্গাপুরের অর্কিড পার্ক সেকেন্ডারি স্কুল (Orchid Park Secondary School) এবং অস্ট্রেলিয়ার ইউটিএস ইনসার্চ (UTS Insearch)-এ পড়ার পর তিনি সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (Management Development Institute) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে তাঁর শিক্ষাগত যোগ্যতার নথি নিয়েই তৈরি হয় বিতর্ক।

আদালতের রায়ের পর গিবরানকে সরানোর দাবি আরও জোরালো হয়। চলতি সপ্তাহে প্রায় ১২০ জন সাংসদ তাঁকে ইমপিচ করার দাবিতে আবেদন করেন। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে না পারায় গিবরান আর উপ-রাষ্ট্রপতি পদে থাকার যোগ্য নন। চাপের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে বৈঠক করেন গিবরান। সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছা জানান। পরদিন তাঁর ইস্তফার কথা প্রকাশ্যে আসে।

তবে এই ঘটনা শুধু গিবরানের শিক্ষাগত সার্টিফিকেটের বিতর্কে সীমাবদ্ধ নয়। এর নেপথ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ক্ষমতার রাজনীতিও। গিবরানের বাবা জোকোয়ি একসময় প্রাবোওর সঙ্গে জোট বেঁধে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সেই জোটে ক্রমেই ফাটল ধরেছে।

এখন গিবরানের পদত্যাগের পর প্রাবোও-জোকোয়ি রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ৬০ দিনের মধ্যে নতুন উপ-রাষ্ট্রপতি বেছে নেওয়া হবে। গিবরানের ইস্তফা ইন্দোনেশিয়ার রাজনীতিতে নতুন ক্ষমতার সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *