Bikramgarh News: ছেড়ে চলে গিয়েছে বান্ধবী, রাগে বিক্রমগড়ে ২ পোষ্যকে নৃশংসভাবে খুন, কুকুরের গলায় দড়ি ঝুলিয়ে ভিডিয়ো কল করে দেখালেন যুবক | One Youth killed his girlfriend pet dog because she left him jadavpur bikramgarh
বিক্রমগড়ে নারকীয় ঘটনাImage Credit: Tv9 Bangla
কলকাতা: যাদবপুরের বিক্রমগড়ে হাড়হিম ঘটনা। লিভ-ইন-পার্টনারের উপর রাগ। আর সেই রোষ গিয়ে পড়ল পোষ্যদের উপর। লিভ-ইন-পার্টনারের পোষ্য দুই কুকুরকে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। তারপর ফ্ল্যাট থেকে যুবককে আটক করল যাদবপুর থানার পুলিশ।
কী হয়েছিল ঠিক?
বিক্রমগড়ের একটি বাড়িতে থাকতেন সঞ্জীব ভট্টাচার্য ও তাঁর লিভ-ইন-পার্টনার ডিজে পরি নভা। সম্প্রতি, ডিজে পরি লিভ-ইন পার্টনার সঞ্জীবকে ছেড়ে দেন। তারপর সেই ফ্ল্যাট ছেড়ে চলে যান। তবে ফ্ল্যাটে রেখে দিয়ে চলে যান তাঁর পোষ্যদের। অভিযোগ, এরপর রাগে-ক্ষোভে সঞ্জীব ভিডিয়ো কল করেন তাঁর লিভ-ইন পার্টনারকে। সেই ভিডিয়ো কলে দেখা যায়, একটি কুকুরকে সঞ্জীব গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে।
এরপর সেই ভিডিয়ো বিক্রমগড়েরই পাড়ার এক যুবককে পাঠান পরী। সেই ভিডিয়ো ধরে পাড়ার লোক ফ্ল্যাটে ঢুকলে দেখেন, দু’টি কুকুরকে নৃশংসভাবে খুন করেছেন সঞ্জীব। সারা ফ্ল্যাটে বইছে রক্ত আর রক্ত। শুধু তাই নয়, জল গরম করা হচ্ছিল সম্ভবত পোষ্যদের গায়ে ঢালার জন্যই।
এই ঘটনায় ঘটনাস্থলে যান অভিনেত্রী এবং পশুপ্রেমী দেবলীনা দত্ত। যোগাযোগ করা হয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও। যাদবপুর থানার পুলিশ মানসিক বিকৃতির শিকার সঞ্জীবকে আটক করেন। মৃত কুকুরদের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন দেবলীনা। এ দিন, দেবলীনা বলেন, “অভিযুক্ত নিজেই নিজের নাম বলেছে। তারপর গর্বের সঙ্গে বলেছে সে তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে লিভইন করত। তাঁর প্রেমিকা ছেড়ে চলে যায়। সেই কারণে রাগে তাঁর গার্লফ্রেন্ডের একটি কুকুরকে ফাঁস দিয়ে মেরে ফেলেছে। আর একটি বাচ্চা কুকুরকে সেটি ইট মাথায় দিয়ে থেঁতলে মেরেছে। ও জানিয়েছে, গার্লফ্রেন্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই কাজ করেছে।”