Santiniketan Firing: অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী, শোরগোল শান্তিনিকেতনে | Santiniketan Firing: Police Constable Shot While Trying to Arrest Accused in Birbhum
গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসImage Credit: TV9 Bangla
শান্তিনিকেতন: অভিযুক্তকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ। গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল বীরভূমের শান্তিনিকেতনে। গুলিবিদ্ধ পুলিশকর্মী বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন ওই অভিযুক্তকে ধরতে শান্তিনিকেতন থানার লাইক বাজারে যায় পুলিশ। অভিযুক্তকে ধরতে গেলে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পায়ে গুলি লেগে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
আহত কনস্টেবলকে তড়িঘড়ি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে ঠিক কোন অভিযুক্তকে ধরতে পুলিশ ওই এলাকায় গিয়েছিল, তার নাম কী এবং কী অভিযোগে তাকে গ্রেফতার করতে যাওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখযোগ্যভাবে, সরকার পরিবর্তনের পর বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় গুলি চালানোর ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এক বিজেপি নেতা। আর এবার অভিযুক্তকে ধরতে গিয়ে খোদ পুলিশের উপরেই চলল গুলি। পরপর এমন ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিকট একটা আওয়াজ শুনে আমরা বাইরে আসি। প্রথমে ভেবেছিলাম, হয়তো কেউ চকোলেট বোমা ফাটাচ্ছে। তখন একজন ব্যক্তি চিৎকার করছেন, ‘ওকে ধরো, ওকে ধরো’ বলে। তারপর দেখি, অল্পবয়সি একজন বাইক থেকে ধীরে ধীরে পড়ে যাচ্ছেন। পুলিশ সিভিল ড্রেসে ছিলেন। একজনকেই পালাতে দেখেছি। আর কেউ ছিল কি না, জানি না।” আর একজন বলেন, যে দৌড়ে পালাল, তাকে দেখে কমবয়সি মনে হল।
পুলিশের উপর গুলি চালানো নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “পুলিশ যদি গুলি খায়, তাহলে যারা গুলি চালিয়েছে, এই রাজ্যে যে তাদের কী দশা হবে। আগাম বলতে পারি, এদের কপালে খুব বিপদ আছে।” পুলিশের উপর হামলা নিয়ে প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য বলেন, “বর্তমানে মারাত্মক একটা প্রবণতা বেড়েছে। কোর্টের অর্ডারে পুলিশ গিয়েছিল। সেখানে গিয়ে পুলিশ আক্রান্ত হচ্ছে। একটা বিরাট চক্রান্ত চলছে। এই সরকার বহুমুখীভাবে কাজ করছে। সেখানে এই সরকারকে বদনাম করার চেষ্টা চলছে।”