High Court: 'গর্ভস্থ ভ্রূণকে সন্তান হিসেবেই মান্যতা দিতে হবে', বড় পর্যবেক্ষণ হাইকোর্টের | High Court asked to treat foetus as child in an accident case - 24 Ghanta Bangla News
Home

High Court: ‘গর্ভস্থ ভ্রূণকে সন্তান হিসেবেই মান্যতা দিতে হবে’, বড় পর্যবেক্ষণ হাইকোর্টের | High Court asked to treat foetus as child in an accident case

Spread the love

পাঞ্জাব: ভ্রূণকেও শিশুর মতোই দেখতে হবে। ক্ষতিপূরণের মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। দুর্ঘটনায় গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছিল মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইমস ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক দম্পতি। জানা যায়, এই মামলায় ওই দম্পতির ভ্রূণের বয়স ছিল ২৮ সপ্তাহ। সেই সময় এক দুর্ঘটনায় গর্ভেই নষ্ট হয়ে যায় ভ্রূণ। ১৯৯৭ সালের সেই মামলাতেই ২৯ বছর পর রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

আবেদনের শুনানি ছিল বিচারপতি প্রমোদ গোয়েলের বেঞ্চে। রায়ে উল্লেখ করা হয়েছে, কেরল হাইকোর্টের একটি রায়ের কথা। সেই রায়েও স্বীকৃতি দেওয়া হয়েছিল যে গর্ভাবস্থার ছয় মাস অতিক্রান্ত হলেই একটি ভ্রূণকে পূর্ণাঙ্গ ও জীবিত শিশু হিসেবে বিবেচনা করা যেতে পারে। ফলে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলে বাবা-মা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবে বলেও উল্লেখ করেছিল কেরল হাইকোর্ট।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায়ে বলে, জন্ম না নেওয়া সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য নয়, এই যুক্তিতে বাবা-মায়ের দাবি খারিজ করে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইমস ট্রাইব্যুনাল ভুল করেছিল।

ক্ষতিপূরণের অঙ্কের বিষয়ে আদালত জানায়, ১৯৯৭ সালে একজন শ্রমিকের ন্যূনতম মজুরির ভিত্তিতে ওই না জন্মানো শিশুর কাল্পনিক আয় গণনা করতে হবে। ভবিষ্যতের সম্ভাব্য আয়ের কথা মাথায় রেখে এর সঙ্গে ৪০ শতাংশ যোগ করা হয়েছে, ব্যক্তিগত খরচের জন্য ৫০ শতাংশ বাদ দেওয়া হয়েছে। মোট ২ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

১৯৯৭ সালের জুন মাসে একটি দুর্ঘটনায় এক দম্পতির গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। এক স্কুটার চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। জানা যায়, ১৯৯৭ সালের ৮ জুন রাত সাড়ে ১০টা নাগাদ ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই মহিলা ও তাঁর স্বামী চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER) থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন।

রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ চণ্ডীগড়-পঞ্চকুলা রাস্তায় অবরোধ থাকার কারণে স্বামী রাস্তার কাঁচা অংশে মোটরসাইকেলটি থামান। তাঁদের গাড়িটি ওই অবরোধ পেরিয়ে যেতে পারবে কি না, তা দেখার জন্য স্ত্রী মোটরসাইকেল থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করেন। মহিলা সাত-আট পা এগোতেই পিছন থেকে আসা একটি স্কুটার তাঁকে ধাক্কা মারে এবং আট থেকে ১০ ফুট টেনে নিয়ে যায়। এই দুর্ঘটনায় মহিলার গুরুতর আঘাত লাগে এবং গর্ভেই তাঁর সন্তানের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *