Calcutta High Court: কলকাতার পর এবার হাওড়া! পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে সিপিএম নেতা | A case filed against Delimitation of Howrah Municipality After KMC, CPM Leader Moves Calcutta High Court
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images
কলকাতা: কলকাতার পর এবার হাওড়া পুরসভার (Howrah Municipal) ডিলিমেটশনও আইনি জটে? হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস (Howrah Municipal Delimitation) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল নতুন মামলা। পুরসভার ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন সিপিএম নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।
কী অভিযোগ মামলাকারীর?
সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়েছে। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারী। তাঁর অভিযোগ, ২০১৮ সাল থেকে হাওড়া পুরসভায় কোনও নির্বাচন হয়নি। বর্তমানে সেখানে প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ১৯৮০ সালের পুর আইন মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। তাই গোটা প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
কলকাতা পুরসভার মামলা প্রসঙ্গ
এর আগে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও একই ধরনের অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, সেই মামলায় ভ্যাকেশন বেঞ্চ ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল।
কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। গোড়াতেই প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সরব হয়েছিল বাম, কংগ্রেস, কালীঘাট তৃণমূল-সহ দলগুলি। পরে এ নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে ওঠে। সিঙ্গল বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে উভয়পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। পরবর্তীতে সিঙ্গল বেঞ্চের সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, যেহেতু এখন ভ্যাকেশন বেঞ্চ চলছে, তাই এখনই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরবর্তীকালে আগে সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে, ওয়ার্ড পুনর্বিন্যাস ঠিক হয়েছিল কিনা।