রায়গঞ্জ: 'দিলীপ' নামই ব্যান করলেন গ্রামবাসীরা
নীলাঞ্জন দাস, রায়গঞ্জ
গ্রামের ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়কে গত সোমবার এনকাউন্টার করেছে পুলিশ। নিহতের দেহকে মঙ্গলবার রাগে, ক্ষোভে গ্রামে ঢুকতে দেননি স্থানীয় বাসিন্দারা। এত কিছুর পরেও দিলীপের প্রতি একফোঁটা ঘৃণা কমেনি গ্রামবাসীদের।
রায়গঞ্জের ওই অঞ্চলের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন যে, ওই পরিবারের কাউকে এলাকায় থাকতে দেওয়া হবে না। এমনকী, ভবিষ্যতে ওই গ্রামের কোনও নবজাতকের নাম আর ‘দিলীপ’ রাখা হবে না। বাসিন্দাদের স্পষ্ট কথা–’ওই নামের যে ব্যক্তি এই ধরনের নৃশংস কাজ করতে পারে, তার কোনও চিহ্নই এলাকায় রাখা হবে না।’ রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীর বক্তব্য, ‘এলাকার বাসিন্দারা ওই নামের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাঁদের আবেগের ব্যাপার। এই ধরনের অপরাধের বিরুদ্ধে সকলের জোটবদ্ধ প্রতিরোধ প্রয়োজন।’
গ্রামের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। পরিস্থিতি আঁচ করে পুলিশের পক্ষ থেকে দিলীপের বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়। এরপর অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে সাধুবাদ জানান। তবে দেহ এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে দিলীপের দেহ তার মার হাতে তুলে দেওয়ার পরে পুলিশি প্রহরায় রায়গঞ্জ শহরের বন্দর শ্মশানে দাহ করা হয়। বুধবারও দিলীপের ফাঁকা বাড়ির পাশে পুলিশ পিকেট ছিল।
গত ৩ নভেম্বর বিকেলে রায়গঞ্জ থানা এলাকার এক কিশোরী সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পরে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। ৫ নভেম্বর বিকেলে কুলিক বনাঞ্চলের অন্তর্গত আব্দুলঘাটা এলাকার ফরেস্টে এক কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেহটি নিখোঁজ নাবালিকার বলে শনাক্ত করেন। তদন্তে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় দিলীপ রায় নামে ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে নাবালিকাকে শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকেই অভিযুক্ত এলাকা থেকে গা ঢাকা দেয়। গত সোমবার ভোরে রায়গঞ্জের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমানায় পাড়ারপুকুর এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। সে সময়ে বিহারে পালিয়ে যাওয়ার পথে কুলিক নদীর বাঁধের উপরে পুলিশের গাড়ি দেখে গুলি চালায় দিলীপ। পুলিশের পাল্টা গুলিতে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সুদর্শন রায় এ দিন বলেন, ‘মৃত নাবালিকা দিলীপকে জেঠু বলে ডাকত। কতটা খারাপ হলে সে এই ধরনের কাজ করতে পারে! ওই ঘটনার পরে আমরা এলাকার প্রবীণ বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছি, এলাকায় ওই নাম যাতে আর কখনও উচ্চারিত না হয় সেই ব্যবস্থা করার। সে কারণে ভবিষ্যতে এই গ্রামে কোনও নবজাতকের নাম আর দিলীপ রাখা হবে না।’
বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা গ্রামের বাসিন্দা চুনিলাল রায়ও গ্রামবাসীদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই নাম নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমি শুধু সমর্থন নয়, তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, সে দিকেও কড়া নজর রাখব।’