দলিত-মুসলিম ভোট একজোট করার চেষ্টা, উত্তরপ্রদেশে হাত মেলাচ্ছেন ওয়েইসি-চন্দ্রশেখর

লখনউ: উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পথে বিরোধী শিবির। এবার হাত মেলাতে পারেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ…
লখনউ: উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পথে বিরোধী শিবির। এবার হাত মেলাতে পারেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টির (কাঁশিরাম) সভাপতি চন্দ্রশেখর আজাদ। বৃহস্পতিবার লখনউয়ে যৌথ সাংবাদিক বৈঠক করে দুই দলের জোটের কথা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই জোট বাস্তবায়িত হলে উত্তরপ্রদেশের রাজনীতিতে বিজেপি এবং সমাজবাদী পার্টি-কংগ্রেসের বাইরে তৃতীয় একটি রাজনৈতিক মঞ্চ তৈরি হতে পারে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লখনউয়ের গোমতীনগরের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করার কথা দুই নেতার। জোটের বিষয়টি নিশ্চিত করেছেন এআইএমআইএমের মুখপাত্র শাদাব চৌহান। তবে আসন সমঝোতা কিংবা জোটের রাজনৈতিক রূপরেখা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শাদাব জানিয়েছেন, বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকেই দুই দলের নেতৃত্ব এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জোটের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
দলিত-মুসলিম ভোটব্যাঙ্কে নজর
ওয়েইসি ও চন্দ্রশেখরের সম্ভাব্য জোটের অন্যতম লক্ষ্য দলিত এবং মুসলিম ভোটারদের এক ছাতার তলায় আনা। উত্তরপ্রদেশের জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ মুসলিম। অন্যদিকে, তফসিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা প্রায় ২১ শতাংশ। অর্থাৎ, এই দুই সম্প্রদায় মিলিয়ে রাজ্যের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। ফলে নির্বাচনের আগে এই ভোটব্যাঙ্ককে একজোট করতে পারলে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব পড়তে পারে।
তেলঙ্গানার বাইরে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছে ওয়েইসির দল। তবে উত্তরপ্রদেশে ভোট পেলেও বিধানসভায় আসন জয়ের ক্ষেত্রে এখনও তেমন সাফল্য পায়নি এআইএমআইএম। অন্যদিকে, দলিত রাজনীতিতে পরিচিত মুখ চন্দ্রশেখর আজাদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাগিনা কেন্দ্র থেকে জয়ের পর জাতীয় রাজনীতিতেও তাঁর পরিচিতি বেড়েছে।
এই পরিস্থিতিতে দুই নেতার সম্ভাব্য জোট সমাজবাদী পার্টির রাজনৈতিক হিসাবেও প্রভাব ফেলতে পারে। অখিলেশ যাদবের দল পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের একজোট করে PDA সমীকরণ তৈরির চেষ্টা করছে। সেখানে ওয়েইসি ও চন্দ্রশেখর একসঙ্গে নির্বাচনী লড়াইয়ে নামলে বিরোধী ভোটের অঙ্কে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
যুবক, কৃষক ও পিছিয়ে পড়াদের নিয়ে বার্তা আজাদের
জোটের ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চন্দ্রশেখর আজাদ জানিয়েছেন, বিস্তারিত বিষয় বৃহস্পতিবারই সামনে আসবে। তবে তাঁদের রাজনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হবে যুবসমাজ, কৃষক এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা করা। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নেও জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগও তুলেছেন আজাদ। তাঁর বক্তব্য, শিক্ষিত যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ ক্রমশ কমছে। বিশেষ করে দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের বহু তরুণ ডিগ্রি থাকা সত্ত্বেও কর্মসংস্থান পাচ্ছেন না। ভোট চুরির অভিযোগ এবং নোটবন্দির পরিণতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আগামী নির্বাচনে সরকারের এই ব্যর্থতার জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন আজাদ।
কেন আলাদা পথের ভাবনা ওয়েইসির?
উত্তরপ্রদেশে বিরোধী জোটের সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করেছিলেন ওয়েইসি। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি। বিরোধী জোটে এআইএমআইএমকে জায়গা দেওয়ার বিষয়ে দুই দলের তরফে আগ্রহ দেখা যায়নি। সেই প্রেক্ষাপটে চন্দ্রশেখর আজাদের দলের সঙ্গে হাত মেলানোর উদ্যোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যদিও এখনও জোটের আসন ভাগাভাগি, নির্বাচনী কৌশল কিংবা দুই দলের মধ্যে ক্ষমতা বণ্টনের বিষয়ে কিছু জানা যায়নি। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকের পরই উত্তরপ্রদেশের রাজনীতিতে এই নতুন সমীকরণের ছবি আরও স্পষ্ট হবে।
কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, জঙ্গি হামলার আশঙ্কা
সংখ্যার অঙ্কে ভুল, প্রতিশ্রুতি ভঙ্গ! ১৯৯৯-এ সরকার গঠনের চেষ্টা নিয়ে কী লিখলেন সনিয়া?