জঙ্গি হানা কাশ্মীরে, জখম তিন জওয়ান। - 24 Ghanta Bangla News
Home

জঙ্গি হানা কাশ্মীরে, জখম তিন জওয়ান।

Spread the love

এ দিন হামলার সময়ে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগামেই ছিলেন। তবে হামলার স্থান থেকে বেশ কিছুটা দূরে তাঁর অনুষ্ঠান ছিল। কুলগামের গভর্নমেন্ট ডিগ্রি কলেজের তিন দিন ব্যাপী ‘ভোশে ফেস্টিভ্যাল’-এ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মনোজ সিনহা। কুলগামে গত রবিবার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড নিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হয় দুই ব্যক্তি। ৯ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একটি নাকা চেকিংয়ে পাহারা দিচ্ছিলেন। সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁরা লক্ষ্য করেন, দূর থেকে তাঁদের দেখে দুই তরুণ আচমকা পালানোর চেষ্টা করছে। তাড়া করে তাদের ধরে ফেলেন জওয়ানরা। দু’জনের থেকে ম্যাগাজ়িন ভর্তি একটি অটোম্যাটিক রিভলভার, দু’টি তাজা কার্তুজ এবং দু’টি গ্রেনেড উদ্ধার হয়। মুনিব ইয়াসিন রাদার এবং তাহির বিলাল নামে ধৃত দু’জন বাডগামের বাসিন্দা বলে জানতে পারে পুলিশ। এই জোড়া গ্রেপ্তারি এবং মঙ্গলবারের হামলার ধরন — এই দুই সূত্র জুড়লে লস্কর-যোগ আরও দৃঢ় হচ্ছে বলে দাবি গোয়েন্দাদের। তাঁদের বক্তব্য, দক্ষিণ কাশ্মীরে নিজের ঘাঁটি তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে উপত্যকায় এই মুহূর্তে একমাত্র সক্রিয় জঙ্গি কম্যান্ডার লতিফ ভাট। মুনিব এবং তাহিরের মতো স্থানীয় ছেলেদের সে অস্ত্র জোগাড়ের কাজে লাগাচ্ছে। সূত্রের দাবি, এই দু’জনের সঙ্গে লতিফের যোগ থাকতে পারে, তেমন সম্ভাবনা জোরালো বলে মনে করছেন গোয়েন্দারা। তাঁদের বক্তব্য, অস্ত্র জোগাড়ের পাশাপাশি সমান্তরাল ভাবে নাশকতার পরিকল্পনাও চালিয়ে যাচ্ছে লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *