কেজরিওয়াল ও মেয়েকে খুনের হুমকি, ৭ কোটি টাকা দাবি! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় নতুন মোড়।…
নয়াদিল্লি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় নতুন মোড়। পাঞ্জার পুলিশের তদন্তে জানা গিয়েছে, গোটা হুমকির ঘটনাটিই ভুয়ো। এই ঘটনায় আটক ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তিনি হরিয়ানার রোহতকের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী। পাঞ্জার পুলিশের শীর্ষ আধিকারিকদের সূত্রে এই তথ্য সামনে এসেছে।
কয়েক দিন আগেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। আপ বিধায়ক জার্নাইল সিং অভিযোগ করেছিলেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় কেজরিওয়াল ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাঁদের নিরাপত্তার বিনিময়ে ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।
দিল্লির তিলক নগর কেন্দ্রের বিধায়ক জার্নাইল সিং গত ৬ নভেম্বর মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি)-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি ছিল, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছিলেন। কেজরিওয়াল টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
অভিযোগের ভিত্তিতে মোহালি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাইবার ক্রাইম থানার ইনস্পেক্টর সুনীল কুমারকে। এরপরই অভিযুক্তকে চিহ্নিত করে আটক করা হয়।
তবে তদন্তে উঠে আসা তথ্য পুলিশের প্রাথমিক আশঙ্কাকে কার্যত নস্যাৎ করেছে। পুলিশের শীর্ষ সূত্রের দাবি, ধৃত ব্যক্তির সঙ্গে লরেন্স বিষ্ণোই বা তার গ্যাংয়ের কোনও যোগাযোগের প্রমাণ মেলেনি। গোটা ঘটনাটিই সাজানো হুমকি বলে মনে করা হচ্ছে।
শুধু অভিযোগ দায়ের নয়, কেজরিওয়াল এবং তাঁর পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করার আবেদন জানিয়েছিলেন জার্নাইল সিং। উল্লেখ্য, এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরিওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে দিল্লি পুলিশ।
দলিত-মুসলিম ভোট একজোট করার চেষ্টা, উত্তরপ্রদেশে হাত মেলাচ্ছেন ওয়েইসি-চন্দ্রশেখর
ভারতীয় নৌবাহিনীর INS Betwa-র আমূল বদল! কোচিন শিপইয়ার্ডের সঙ্গে ৪৯৮ কোটি টাকার চুক্তি