কুলগামে CRPF জওয়ানদের উপর হামলায় লস্কর যোগ? নেপথ্যে একাধিক হামলার ‘চক্রী’ জঙ্গি, মাথার দাম ১৫ লক্ষ - 24 Ghanta Bangla News
Home

কুলগামে CRPF জওয়ানদের উপর হামলায় লস্কর যোগ? নেপথ্যে একাধিক হামলার ‘চক্রী’ জঙ্গি, মাথার দাম ১৫ লক্ষ

Spread the love

জম্মু-কাশ্মীরের কুলগামে CRPF জওয়ানদের উপর হামলার পিছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) হাত রয়েছে বলে জোরালো সন্দেহ গোয়েন্দাদের। নিরাপত্তা সংস্থাগুলির স্ক্যানারে স্থানীয় লস্কর কম্যান্ডার মহম্মদ লতিফ ভাট। তদন্তকারীদের অনুমান, তাঁর নির্দেশেই হামলা চালিয়ে থাকতে পারে জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরে একাধিক নাশকতার ঘটনায় আগেই সন্দেহের তালিকায় ছিল লতিফ ভাটের নাম। এ বার কুলগামে CRPF চৌকিতে হামলার ঘটনায় নতুন করে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই লতিফের খোঁজ পেতে ১৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে নিরাপত্তা সংস্থাগুলি।

বুধবার, ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে আখরান এলাকায় CRPF-এর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় মোটরবাইকে আসা সশস্ত্র তিন জঙ্গি। AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এই ঘটনায় CRPF-এর তিন জওয়ান রাকেশ দাস, শান্তনু চন্দ্র ও সোমবীর সিং আহত হন। তাঁদের মধ্যে শান্তনুর পেট ও মেরুদণ্ডে গুলি লাগে। আহতদের দ্রুত অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শান্তনুকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, হামলাকারীরা লস্কর কম্যান্ডার লতিফ ভাটের ঘনিষ্ঠ সহযোগী হতে পারে। তাঁর সঙ্গে দুই বিদেশি জঙ্গিও এলাকায় ঘোরাফেরা করছে বলে সন্দেহ। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, দক্ষিণ কাশ্মীরে এর আগেও একাধিক হামলার নেপথ্যে ছিল এই জঙ্গি গোষ্ঠী। গত জুলাইয়ে অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন এক পুলিশকর্মীকে হত্যা এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গেও লতিফের যোগ থাকার সন্দেহ রয়েছে। ওই হামলাগুলির দায় পরে লস্করের ছায়া সংগঠন হিসেবে পরিচিত দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF) স্বীকার করেছিল।

সূত্রের খবর, কুলগামের বাসিন্দা লতিফ পেশায় কাঠের মিস্ত্রি ছিলেন। ২০২৫ সালের নভেম্বরে বাড়ি ছেড়ে জঙ্গি সংগঠনে যোগ দেন তিনি। পরে কুলগাম ও শোপিয়ানের পার্বত্য এলাকায় প্রশিক্ষণ নিয়ে TRF-এ যুক্ত হন বলে তদন্তকারীদের অনুমান। তাঁর সঙ্গে পাক জঙ্গি সাজ্জাদ গুলের যোগাযোগ ছিল বলেও দাবি।

এ দিকে হামলার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। CCTV ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। লতিফ ভাটের সন্ধানেও চলছে চিরুনি তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *