ভয়াবহ দুর্ঘটনা পাঞ্জাবে, ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা বাসের, মৃত ৩, আহত বহু
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। গন্তব্য ছিল চণ্ডীগড়। কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দেওয়ালে সজোরে ধাক্কা মারল সেটি। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে-মুচড়ে গেল বাসের সামনের অংশ। ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। পাঞ্জাবের সঙ্গরুরে বুধবার ভোরের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত অন্তত ২৪ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আহতদের সকলের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে চারটে নাগাদ ধুরি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল পেপসু রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (PRTC) বাসটি। সঙ্গরুরে ফ্লাইওভারের কাছে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজোরে দেওয়ালে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের ভিতরে বেশ কয়েক জন যাত্রী আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সাহায্যে পুলিশ এবং উদ্ধারকারী দল তাঁদের বাইরে বের করে আনে। অ্যাম্বুল্যান্সে করে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
সঙ্গরুর সিভিল হাসপাতালের চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ২১ জন আহতকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে গুরুতর জখম ১০ থেকে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের সঙ্গরুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও চলছে।
প্রাথমিক তদন্ত এবং যাত্রীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার সময়ে বাসটির গতি বেশি ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই বিপত্তি বলে অনুমান পুলিশের। তবে দুর্ঘটনার সময় আবহাওয়া পরিষ্কার ছিল, এলাকায় কুয়াশাও ছিল না বলে জানিয়েছেন আধিকারিকরা। ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।