নিরাপত্তা নেই, বাংলাদেশে বাতিল লাকি আলির গানের কনসার্ট
শেখ হাসিনা সরকার উচ্ছেদের পরে বাংলাদেশ জুড়ে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত বলে অভিযোগ। তারা সঙ্গীতকে ইসলাম-বিরোধী তকমা দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারও এদের ঘাঁটায় না। প্রশাসন চোখ বুজে থাকায় বাংলাদেশে তারা যা খুশি তাই করে চলেছে। বিধর্মীদের উপরে হামলা-নির্যাতন, বাউল-সুফিদের আস্তানা উচ্ছেদ, মাজার ধ্বংস থেকে কনসার্ট ভন্ডুল— বিনা বাধায় করে চলেছে তারা। প্রাক্তন এক আমলার কথায়, ‘এমনিতেই গ্যাস, বিদ্যুৎ, শিল্প থেকে আইনশৃঙ্খলা রক্ষা– সর্ব ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে জনসাধারণকে খেপিয়ে তুলেছে এই সরকার। পোশাক শ্রমিকেরা রাস্তায়। সাধারণ মানুষের ক্ষোভ এই ক’মাসেই মাত্রা ছাড়িয়েছে।’ তাঁর কথায়, ‘শাসক দলের গুন্ডাদের চাঁদাবাজি ও মব সন্ত্রাস যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, মানুষ বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপি নতুন ঝামেলা ডেকে আনতে চাইছে না। এতে মৌলবাদী ও জঙ্গিরাও উৎসাহিত হচ্ছে।’