ধর্মঘটে ছাত্রলিগের মিলল আংশিক সাড়া - 24 Ghanta Bangla News
Home

ধর্মঘটে ছাত্রলিগের মিলল আংশিক সাড়া

Spread the love

এই সময়, ঢাকা: আওয়ামি লিগ ও ছাত্রলিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার-সহ আট দফা দাবিতে মঙ্গলবার গোটা দেশে ধর্মঘটের ডাক দিয়েছিল ‘নিষিদ্ধ’ ছাত্রলিগ। এই ধর্মঘটে এ দিন জনজীবন স্তব্ধ না হলেও শত-শত শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলেছে। রাস্তা অবরোধে সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়েছে।

গাজিপুর ও ঢাকার আশুলিয়া গার্মেন্টস শিল্পপল্লীতে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। রাস্তায় দাড়িয়ে থাকা বাস, ট্রেন-সহ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গোটা দেশে ককটেল ফেটেছে। শাসক বিএনপির দপ্তর ভাঙচুর হয়েছে কয়েকটি জেলায়। ফরিদপুরে পার্ক করা বাসে আগুন লাগানোর জেরে মৃত্যু হয়েছে ঘুমিয়ে থাকা চালকের।

গত কয়েকদিন ধরে ঢাকা ও কয়েকটি জেলায় ধর্মঘটের প্রচারে ঝটিকা মিছিল বেরোয়। বহু জায়গায় ককটেল বিষ্ফোরণও করা হয়। শত-শত আওয়ামি লিগ ও ছাত্র-যুবলিগ কর্মী কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন। তার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের জেলা বগুড়াতেও এ বার ছাত্রলিগের ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছেন আওয়ামি সমর্থকদের।

সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন জ্বালান কিছু মানুষ। বগুড়ার পাশের জেলা নওগাঁতে দাঁড়িয়ে থাকা দু’টি বিলাসবহুল বাসে আগুন দেওয়া হয়। বাস-ট্রেনে আগুন লাগানোর খবর এসেছে সাতটি জেলা থেকে।

প্রত্যক্ষদর্শীর বয়ানে, গোপালগঞ্জ জেলা জুড়ে ধর্মঘট ছিল সর্বাত্মক। শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, অফিস ছিল বন্ধ। গোপালগঞ্জের পুলিশ সুপার জানান, সোমবার রাতে নাশকতার ঘটনায় আট জন গ্রেপ্তার। মঙ্গলবার বড় কোনও বিশৃঙ্খলা ঘটেনি। আবার, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে গাজিপুর ও আশুলিয়ায় সড়ক অবরোধে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ-সহ আহত অন্তত ২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *