Ritabrata Banerjee: 'হাতে চামড়া পরে মায়ের সামনে মন্ত্র উচ্চারণ করা যায় না', কল্যাণকে চণ্ডীপাঠের খোলা চ্যালেঞ্জ দিলেন ঋতব্রত | Ritabrata Banerjee Open Challenges TMC MP Kalyan Banerjee for Chandi path, why? - 24 Ghanta Bangla News
Home

Ritabrata Banerjee: ‘হাতে চামড়া পরে মায়ের সামনে মন্ত্র উচ্চারণ করা যায় না’, কল্যাণকে চণ্ডীপাঠের খোলা চ্যালেঞ্জ দিলেন ঋতব্রত | Ritabrata Banerjee Open Challenges TMC MP Kalyan Banerjee for Chandi path, why?

Spread the love

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।Image Credit: TV9 বাংলা

কলকাতা: প্রতি বছর সকাল থেকেই গাড়ির লাইন পড়ে যেত। ক্যামেরার ফ্ল্যাশের ঘনঘন ঝলকানি, একের পর এক নেতা-মন্ত্রী ঢুকতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। উপলক্ষ ভাইফোঁটা। পালাবদলের পর এবার সম্পূর্ণ উল্টো চিত্র কালীঘাটে। ভিড় নেই, দেখা নেই পরিচিত মুখেদের। ফোঁটা দিলেন না মমতা। বরং ববি-অরূপদের দিদি হিসাবে ফোঁটা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। প্রাক্তন নেত্রীর ভাইফোঁটাকে ‘পিক অ্যান্ড চুজে’র ভাইফোঁটা বললেন তিনি।

এদিন মেট্রোপলিটনের অফিসে ভাইফোঁটা নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটার রীতিকে একহাত নিয়ে বলেন, “পিক অ্যান্ড চুজ আর কালেকটিভ, ফারাক তো থাকবেই। আমি বহু মন্ত্রীকে জানি যারা বিরস বদনে বসে থাকতেন ভাইফোঁটায় ডাক পাননি। আমাদের সর্বজনীন ভাইফোঁটা। প্রাইভেট লিমিটেড আর সর্বজনীন, এটাই ফারাক।”

এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “উনি যে চণ্ডীপাঠ করেন, আমি নিয়মিত চণ্ডীপাঠ করি। ভুল পাঠ করছেন, মায়ের সামনে ওরকম ভুল মন্ত্র উচ্চারণ করতে নেই। হাতে চামড়ার ঘড়ি পরে, চামড়া পরে মায়ের সামনে মন্ত্র উচ্চারণ করা যায় না। কালী মায়ের সামনে যে মন্ত্র পাঠ করছেন, আমি খোলা চ্যালেঞ্জ করছি, একটা জায়গায় আসুন। আপনিও চণ্ডীপাঠ করবেন, আমিও করব। উনি যখন কাঁদবেন, মিডিয়া হাজির থাকে।”

কালীপুজোয় মমতার বাড়িতে ভিড় নেই, সে প্রসঙ্গেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কোয়াডের লোকেরা আর ওঁর (কল্যাণ) যদি কোনও স্কোয়াড থাকে, তাঁরা যান। আমরা তো নাহয় বাইরের লোক। গদ্দার, বেইমান। বন্দ্যোপাধ্যায় যে ভাইরা আছেন, ভাইয়ের বউরা, তাদের ছেলেমেয়েরা, তারাও গদ্দার কি না, এটা শোনার জন্য অপেক্ষা করছি।”

কীর্তি আজাদের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ঋতব্রত বলেন, “আমাদের দেশের সংবিধান ধর্মাচারণের অধিকার দিয়েছে, ধর্ম পালন না করারও অধিকার দিয়েছে। কিন্তু ধর্মকে অপমান করার অধিকার দেয়নি। কীর্তি আজাদ যাবেন না তো যাবেন না। যেমন আমি কখনও রাম মন্দিরে যাইনি। আমার ইচ্ছা আছে অবশ্যই রামলালার দর্শন করার জন্য রাম মন্দির যাব। আমি দুইবার আজমের শরিফে গিয়েছি। আমার তো সমস্যা হয়নি। প্রতি বছর চারবার জগন্নাথ ধামে যাই। দিঘায় তো ধাম নয়, ধাম পুরীতেই। চার ধামের এক ধাম। এই বছর একবারও যাওয়া হয়নি। প্রভু ডাকেনি, বছর শেষের আগে একবার অন্তত মালিকের সঙ্গে দেখা করে আসতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *