১৬ দিনে স্ত্রী-সহ ৭ আত্মীয়কে খুন! মৃতদের ফোন থেকেই মেসেজ পাঠাত অভিযুক্ত চালক - 24 Ghanta Bangla News
Home

১৬ দিনে স্ত্রী-সহ ৭ আত্মীয়কে খুন! মৃতদের ফোন থেকেই মেসেজ পাঠাত অভিযুক্ত চালক

Spread the love


বেঙ্গালুরু: একের পর এক খুন, তারপর সেই খুনের প্রমাণ (Bengaluru)লুকোতে মৃতদের মোবাইল ফোন ব্যবহার করে আত্মীয়দের মেসেজ পাঠানো! বেঙ্গালুরুতে স্ত্রী-সহ পরিবারের সাত সদস্যকে খুনের অভিযোগে…

বেঙ্গালুরু: একের পর এক খুন, তারপর সেই খুনের প্রমাণ (Bengaluru)লুকোতে মৃতদের মোবাইল ফোন ব্যবহার করে আত্মীয়দের মেসেজ পাঠানো! বেঙ্গালুরুতে স্ত্রী-সহ পরিবারের সাত সদস্যকে খুনের অভিযোগে গ্রেফতার হওয়া এক ক্যাবচালককে ঘিরে তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মাত্র ১৬ দিনের ব্যবধানে সাতজনকে খুন করার পর অভিযুক্ত ইন্দুশেখর এমন কৌশল অবলম্বন করেছিল, যাতে পরিবারের অন্য সদস্যরা সহজে তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে না পারেন। মৃতদের ফোন থেকেই কখনও ঘুরতে যাওয়ার কথা, কখনও আবার বাড়ির বাইরে থাকার বার্তা পাঠিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করেছিল সে বলে অভিযোগ।

আরও দেখুনঃ প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব-সোনিয়া, কোথায় সমাধিস্থ করা হয়েছিল সদ্যোজাতকে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ অক্টোবর এই হত্যাকাণ্ডের শুরু। ওই দিন নিজের স্ত্রী সুনীতাকে খুন করে ইন্দুশেখর। (Bengaluru)দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে তদন্তে উঠে এসেছে। আত্মীয়স্বজন একাধিকবার দু’জনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও সমস্যার সমাধান হয়নি। পুলিশের দাবি, স্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ঘনিষ্ঠতা নিয়েও আপত্তি ছিল অভিযুক্তের। এই পারিবারিক বিবাদের জেরেই সে ভয়াবহ সিদ্ধান্ত নেয় বলে সন্দেহ তদন্তকারীদের।

অভিযোগ, স্ত্রীকে একটি গ্রাইন্ডিং স্টোন দিয়ে মাথায় আঘাত করে খুন করে ইন্দুশেখর। এরপর দেহটি নন্দী হিলসে নিয়ে গিয়ে ফেলে দেয় সে। প্রতিবেশীদের কাছে অবশ্য অন্য গল্প শোনায় অভিযুক্ত। তাঁদের জানায়, সুনীতা বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছেন এবং তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফলে প্রথমদিকে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে বিশেষ সন্দেহ তৈরি হয়নি।

এরপর একে একে শ্যালক শিবকুমার ও শঙ্করকে নিজের বাড়িতে ডেকে পাঠায় অভিযুক্ত। পুলিশ সূত্রের দাবি, মদ্যপানের আসর বসানোর কথা বলে তাঁদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। সেখানেই দু’জনকে খুন করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে শ্যালকদের স্ত্রী নলিনী ও দিব্যা, শাশুড়ি রূপবতী এবং শঙ্করের সাত বছরের ছেলে পুনীতকেও হত্যা করে ইন্দুশেখর।

তদন্তকারীদের অনুমান, পরিবারের যে সদস্যদের নিজের জীবনে হস্তক্ষেপকারী বলে মনে করত, তাঁদেরই পরিকল্পিতভাবে নিশানা করেছিল সে। ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই সাতটি হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।

তবে এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক দিক হল, খুনের পরেও মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা। পুলিশের এক তদন্তকারী সূত্রের দাবি, ছয়জনকে হত্যার পর তাঁদের মোবাইল ফোন ব্যবহার করে আত্মীয়দের কাছে একাধিক মেসেজ পাঠিয়েছিল অভিযুক্ত।

কখনও তাঁদের বেড়াতে যাওয়ার কথা, আবার কখনও বাড়ির বাইরে থাকার কথা জানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল, পরিবারের সদস্যরা যেন মনে করেন তাঁরা স্বাভাবিকভাবেই অন্য কোথাও রয়েছেন। এমনকী যাঁদের সঙ্গে আত্মীয়রা ফোনে বা মেসেজে যোগাযোগ করছেন বলে ভাবছিলেন, তাঁদের কয়েকজন ততক্ষণে খুন হয়ে গিয়েছিলেন বলে সন্দেহ পুলিশের।

এই মুহূর্তে তদন্তকারীদের প্রধান লক্ষ্য সাতটি হত্যাকাণ্ডের সম্পূর্ণ ঘটনাক্রম পুনর্গঠন করা। কোথায়, কখন এবং কীভাবে প্রত্যেককে খুন করা হয়েছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে দেহ উদ্ধার, ফরেনসিক নমুনা সংগ্রহ এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করছেন তদন্তকারীরা।

অভিযুক্তের নাবালিকা মেয়েকেও হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ, বাবার অপরাধে সে কোনওভাবে সাহায্য করেছিল অথবা অপরাধের ঘটনা আড়াল করতে ভূমিকা নিয়েছিল। তবে তার ভূমিকা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *