সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে দেদার বাজি, পাঁচ বছরে সবচেয়ে দূষিত দীপাবলি দিল্লিতে
সুপ্রিম কোর্টের সময়সীমা ও বিধিনিষেধ উড়িয়ে দেদার বাজি ফাটল দিল্লিতে। যার জেরে গত পাঁচ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে দূষিত দীপাবলির সাক্ষী থাকল রাজধানী দিল্লি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, দীপাবলির দিন দিল্লির গড় বায়ু মান সূচক (AQI) পৌঁছে যায় ৩৭৬-এ, যা ২০২১ সালের (৩৮২) পরে সর্বোচ্চ। উৎসবের পরের দিন, অর্থাৎ সোমবার সকাল ১০টাতেও গড় AQI ছিল ৩৭১, যা গত পাঁচ বছরে দীপাবলির পরের দিন সকালের পরিসংখ্যানে সর্বাধিক। এর পাশাপাশি দিল্লির দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (DPCC)-র রিপোর্টে দেখা গিয়েছে, শহরের ২৬টি শব্দ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৯টিতেই গত বছরের তুলনায় শব্দের মাত্রা কয়েক গুণ বেড়েছে। ফলে ঘন বিষাক্ত ধোঁয়াশা আর কান ফাটানো আওয়াজে একাকার হয়ে ওঠে রাজধানী।
ধোঁয়ায় ঢেকেছে শহর, দৃশ্যমানতা ঠেকল তলানিতে
সোমবার ভোর থেকেই দিল্লি ঢেকে যায় ঘন কুয়াশার চাদরে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সফদরজঙে সকাল সাড়ে ৬টায় দৃশ্যমানতা নেমে আসে মাত্র ৫০ মিটারে। পালামে সকালের দিকে দৃশ্যমানতা ছিল ৪০০ মিটার। মৌসম ভবনের মতে, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের গতি স্তব্ধ থাকার ফলেই দূষিত ধোঁয়া জমতে শুরু করেছে দিল্লির একাধিক জায়গায়। শহরের ৫১টি নজরদারি কেন্দ্রের মধ্যে ১৪টিতে বাতাসের মান ‘অতি ভয়ানক’ (Severe) এবং ৩৩টিতে ‘খুব খারাপ’ স্তরে ছিল। দিল্লির টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে (DTU) AQI পৌঁছে গিয়েছে সর্বাধিক ৪৩৯-এ।
বিপজ্জনক মাত্রায় দূষণ, আন্তর্জাতিক সংস্থার সতর্কতা
সুইস সংস্থা আইকিউএয়ার (IQAir) সোমবার সকালে দিল্লির বায়ুকে ‘ভেরি আনহেলদি’ আখ্যা দেয়। তাদের হিসাবে, বাতাসে ফুসফুস ভেদকারী অতি সূক্ষ্ম ধূলিকণা বা PM2.5-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৭০ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বার্ষিক নিরাপদ সীমার চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি। এ ছাড়া বাতাসে কার্বন মনোক্সাইডের মাত্রা প্রতি ঘনমিটারে ১,৪৬১.৫ মাইক্রোগ্রামে পৌঁছয়। অন্যদিকে ‘AQI.in’ প্ল্যাটফর্মের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, রবিবার রাতে দিল্লির AQI অবিশ্বাস্য ভাবে ২,২৮৩-তে ওঠে এবং সোমবার সকালে তা ৬৩৭ (বিপজ্জনক) স্তরে ছিল। বাওয়ানা, বুরারি, জাহাঙ্গিরপুরী, সনিয়া বিহার, পাঞ্জাবি বাগ, ওখলা ও রোহিণী এলাকায় দিনভর দূষণের প্রকোপ ছিল মারাত্মক।
আদালত ও প্রশাসনের নির্দেশিকা লঙ্ঘন
পূর্ব দিল্লির জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, কেবল ৭ ও ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট জায়গায় সবুজ বাজি পোড়ানোর ছাড়পত্র ছিল। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ মিটারের মধ্যে বাজি নিষিদ্ধ ছিল। কিন্তু বাস্তবে প্রীতমপুরা, বুরারি, ময়ূর বিহার থেকে লুটিয়েন্স দিল্লি—সর্বত্রই গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ বাজি ফাটানো হয়।
শব্দদূষণের মাত্রা ও এলাকাভিত্তিক চিত্র
ডিপিসিসি-র সমীক্ষায় দেখা গিয়েছে, দিল্লির সামগ্রিক শব্দের মাত্রা ছিল ৫৭.৫ ডেসিবেল থেকে ৮৯.১ ডেসিবেল। সবচেয়ে বেশি শব্দ রেকর্ড হয়েছে করোল বাগে—৮৯.১ ডেসিবেল (গত বছর ছিল ৮৯.২ ডেসিবেল)। জাহাঙ্গিরপুরীতে শব্দ দাঁড়িয়েছে ৮১.২ ডেসিবেলে (৯.৭% বৃদ্ধি), দ্বারকায় ৭৯.৮ ডেসিবেল (৫% বৃদ্ধি) এবং পটপরগঞ্জে ৭৯.৫ ডেসিবেল (৮.৪% বৃদ্ধি)। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সনিয়া বিহারে, সেখানে শব্দদূষণ ১৬.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৯ ডেসিবেলে। এছাড়া নজফগড়ে ৮.২%, মুন্ডকায় ৯.১% ও ওয়াজিরপুরে ৭.৮% শব্দ বেড়েছে। তবে মাত্র ৭টি এলাকায় শব্দের মাত্রা কমেছে। এর মধ্যে অশোক বিহারে সবচেয়ে বেশি ৮.৮% কমে দাঁড়িয়েছে ৬৮.৩ ডেসিবেলে। কনট প্লেসে কমেছে ৫.৭% এবং বিবেক বিহারে ১.৭%।
বিধি ও আগামী দিনের পূর্বাভাস
নিয়ম অনুযায়ী সাইলেন্স জ়োনে রাতে শব্দের মাত্রা ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় ৪৫, বাণিজ্যিক এলাকায় ৫৫ এবং শিল্পাঞ্চলে ৭০ ডেসিবেল থাকার কথা। কিন্তু বাস্তবে তা বহুগুণ ছাড়িয়ে যায়। এনজিটি (NGT)-র ২০২২ সালের নির্দেশ অনুযায়ী শব্দদূষণকেও বায়ুদূষণের সমতুল্য অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। এদিকে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) সতর্ক করেছে, বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটারের কম থাকায় এবং প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর ধোঁয়া যোগ হওয়ায় আগামী কয়েক দিন দিল্লির বাতাস ‘অতি ভয়ানক’ স্তরেই থাকবে।