শব্দতাণ্ডব নিয়ে নালিশ কমিউনিস্টরা করছেন! তোপ শুভেন্দুর
এই সময়: কালীপুজোর রাতে শব্দবাজির দাপট নিয়ন্ত্রণেই ছিল এবং শব্দতাণ্ডব নিয়ে অভিযোগ শুধু কমিউনিস্টরাই করছে— এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের জাগরণ হওয়ার কারণে এই কমিউনিস্টদের সমস্যা হচ্ছে এবং সেই কারণেই তারা অভিযোগ তুলছে।
রাজ্যে পালাবদলের পরেও কালীপুজো–দীপাবলিতে বাজির দৌরাত্ম্য যে বন্ধ হয়নি— রবিবার রাতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে সাধারণ মানুষ থেকে পরিবেশকর্মীদের এমনটাই অভিমত। তবে সোমবার মুখ্যমন্ত্রী দাবি করেন, নির্দিষ্ট সময়সীমার বাইরে বাজি ফাটার যে অভিযোগ এসেছে, তা নিয়ে রাজ্যের পরিবেশ দপ্তর পদক্ষেপ করছে। পূর্ব মেদিনীপুরের দিঘায় এ দিন শুভেন্দু বলেন, ‘এই অভিযোগ (বাজি–দৌরাত্ম্য) কমিউনিস্টরা করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা (বাজি) নিয়ন্ত্রণ করেছি। রাত ১০টার পরে কোথাও কোথাও (শব্দবাজি ফাটানো) হয়েছে, কিন্তু পুলিশ ব্যবস্থাও নিয়েছে। আমরা ডিজে বন্ধ করেছি। আমরা চাই না পরিবেশ দূষণ হোক।’ তাঁর সংযোজন, ‘দীপাবলিতে (মানুষ) একটু আনন্দ করবে, একটু আলো–টালো হবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে— তাতে এত অসুবিধে কেন? আসল কথা হলো, এত সনাতনের জাগরণ ঘটেছে যে, কিছু লোকের খুব সমস্যা হচ্ছে।’
কাদের সমস্যা হচ্ছে?
শুভেন্দুর কথায় বামেদের দিকেই ইঙ্গিত রয়েছে। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘এই অভিযোগ যাঁরা করছেন, তাঁরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। শাস্ত্রকে সরিয়ে দিয়েছিলেন। শাস্ত্র বাদ দিয়ে তো ধর্ম হয় না। আপনারা দেখবেন, এঁরা কপালে টিকা লাগান না। আমরা বিপত্তারিণী পুজোর ডোর পরি, কিন্তু ওঁরা ডোর লাগাবেন না হাতে। এঁদের কারও গলায় তুলসি (মালা) পাবেন না।’ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে উৎসবের সময়ে ডিজে বাজানো যে বন্ধ হয়েছে, তা নিয়ে এই লোকেরা প্রশংসা না–করে কালীপুজোতে সনাতনী জনতার আনন্দ করা নিয়ে ‘চিমটি কাটছেন’ বলে মনে করেন মুখ্যমন্ত্রী।শব্দবাজি নিয়ে কমিউনিস্ট ও অ–সনাতনীদের শুভেন্দু নিশানা করায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পাল্টা বলেন, ‘বিজেপির বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বাজি নিয়ে অভিযোগ করেছিলেন, পরে অবশ্য ডিলিট করেছেন! উনি কি কমিউনিস্ট? মন্ত্রী অগ্নিমিত্রা পাল কালীপুজোর মাঝরাতে কেন রাস্তায় বেরিয়েছিলেন? কোন সনাতনী ব্যবস্থায় লাগামছাড়া বাজি ফাটানোকে স্বীকৃতি দেওয়া হয়েছে আমার জানা নেই।’ মুখ্যমন্ত্রীর দাবি প্রসঙ্গে ‘মমতা–তৃণমূলে’র প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘বিজেপির বিধায়ক তো বাজি ফাটাতে উৎসাহ দিয়েছেন। ভোর ৪টে পর্যন্ত বাজি ফেটেছে। কোনও নিয়ন্ত্রণ ছিল না। শুভেন্দু মুখে বড় বড় কথা বলেন। কিন্তু পুলিশ–প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।’ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘বিজেপি নেত্রী বলছেন, বাজি ফাটলে স্বাস্থ্য ভালো হবে! এই যদি বিজেপির জ্ঞানের বহর হয়, তা হলে যারা বাজি ফাটিয়েছে তাদের দোষ কোথায়? এত শব্দবাজি এলো কোথা থেকে? যেটা আজ বাজির মশলা কাল সেটা বোমার মশলা হবে।’
মুখ্যমন্ত্রীর দাবি, পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাস্তায় থেকে শব্দবাজি নিয়ন্ত্রণ করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘পরিবেশ দূষণ (নিয়ন্ত্রণ) পর্ষদের আধিকারিকরা রাস্তায় ছিলেন। এনজিও–রা ছিল। পুলিশও ছিল। অনেক (বাজি) বাজেয়াপ্ত হয়েছে। মামলাও করেছে। এত বিরাট এলাকা, বাড়িতে বাড়িতে তো পুলিশ নেই, প্রত্যেক ফ্ল্যাটের সামনে পুলিশ দাঁড়িয়ে নেই। তবু চেষ্টা করা হয়েছে।’ তাঁর দাবি, ‘সুপ্রিম কোর্টের নির্ধারিত টাইমের বাইরে শব্দবাজি বেশি ফেটেছে বলে যাঁরা অভিযোগ করছেন…নিশ্চয়ই পরিবেশ দপ্তর, পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’ রবিবার রাতে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালকে রাতভর রাস্তায় ঘুরে কোথায় বেশি বাজি পোড়ানো হচ্ছে, তা খোঁজ নিতে দেখা গিয়েছে। কয়েকটি জায়গায় বাজির দৌরাত্ম্য দেখে মন্ত্রীকে উপস্থিত পুলিশ অফিসারদের নির্দেশ দিতেও দেখা গিয়েছে। তবে শব্দবাজির দাপাদাপির নেপথ্যে ষড়যন্ত্র থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজ্যের শাসকদল। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, ‘সরকারের বদনাম করার জন্য কিছু মানুষ এই সব কাজ করতে পারেন। যেখানে পুজো হয় না, পুজোতে বিশ্বাসী নন, এমন লোক যেখানে বেশি, সেখানেই দেদার বাজি ফেটেছে বলে শুনেছি। যাঁরা পুজোতে বিশ্বাস করেন না, সেই এলাকায় কী ভাবে শব্দবাজি ফাটে? কারা ফাটিয়েছে এবং কোনও ষড়যন্ত্র আছে কি না, দেখতে হবে।’
এই চাপানউতোরের মধ্যে বিতর্ক দানা বেঁধেছে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর একটি মন্তব্যে। শনিবার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পাপিয়া বলেছিলেন, ‘বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ–বিসুখ চলে যায়।’ এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় টালিগঞ্জের বিধায়ক সোমবার তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আগে মা–ঠাকুমারা বলতেন আলোর উৎসবে শ্যামাপোকা চলে যায়, পোকামাকড় মরে যায়। আমি এটাই বলতে চেয়েছি, আমি কাশলে–হাঁচলেও সেকু–মাকুরা কিছু একটা বলবেই। এই বছর অনেক কম বাজি ফেটেছে, আমার বাড়ির পোষ্যদের অসুবিধে হয়নি।’
আর এক বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের এ নিয়ে প্রতিক্রিয়া, ‘বাজিতে কোন অসুখ সারে, তা আমি জানি না, ডাক্তাররা বলতে পারবেন। তবে আমার একটু সর্দিকাশি হয়েছে, সেটা বাজিতে সারেনি।’ বিজেপির আর এক বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় রবিবার গভীর রাতে ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘এই শব্দ কখন থামবে? ঘুমোতে পারছি না।’ কলকাতা পুলিশের উদ্দেশে রূপা এই পোস্ট করলেও পরে সেই পোস্ট ডিলিট করা হয়েছে।