মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী লিখেছেন? - 24 Ghanta Bangla News
Home

মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী লিখেছেন?

Spread the love

দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মুখোমুখি হয়েছেন তাঁরা। সংসদের অলিন্দ থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠান— দেখা হয়েছে বহুবার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত স্তরে কোনও যোগাযোগই নেই তাঁর। এমনই দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। নিজের নতুন আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ মোদীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা লিখেছেন তিনি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর আচরণ প্রসঙ্গে তাঁর পর্যবেক্ষণ, মোদী সাধারণত চোখে চোখ রেখে কথা বলার বদলে অন্য দিকে তাকিয়ে থাকেন।

‘কার্যত কোনও ব্যক্তিগত যোগাযোগ নেই’

সনিয়া লিখেছেন, নরেন্দ্র মোদী ১২ বছরেরও বেশি সময় ধরে দেশের প্রধানমন্ত্রী। বর্তমানে তাঁর তৃতীয় দফার সরকার চলছে। অথচ এত বছরেও দু’জনের মধ্যে কার্যত কোনও ব্যক্তিগত কথাবার্তা হয়নি। সংসদের প্রত্যেক অধিবেশন শেষে স্পিকার কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে সাধারণ বৈঠক হয়, সেখানেই মূলত তাঁদের দেখা হয়।

সনিয়ার বর্ণনা অনুযায়ী, মুখোমুখি হলে দু’জনেই সৌজন্যবশত নমস্কার করেন। কিন্তু প্রধানমন্ত্রী সাধারণত চোখে চোখ রেখে কথা বলেন না। বরং অন্য দিকে তাকিয়ে থাকেন। তিনি লিখেছেন, ‘আমাদের মধ্যে কোনও প্রকৃত যোগাযোগ নেই। দেখা হয় আধা-সরকারি অনুষ্ঠানে—যেমন, স্পিকারের কক্ষে।’ তাঁর কথায়, অতীতে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বিভিন্ন দলের নেতাদের মধ্যে যে সৌজন্য ও সৌহার্দ্য দেখা যেত। এখন তার অভাব রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সংস্কৃতির আর নেই বলে মত রাজীব পত্নীর।

মোদী-সনিয়ার আদর্শগত লড়াই

আত্মজীবনীতে মোদীর সঙ্গে নিজের রাজনৈতিক মতপার্থক্যের কথাও তুলে ধরেছেন সনিয়া। তাঁর মতে, তাঁদের দু’জনের ভারত সম্পর্কে ধারণা সম্পূর্ণ আলাদা। সনিয়া এমন এক ভারতের কথা ভাবেন, যেখানে ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা গুরুত্ব পাবে। অন্য দিকে, কংগ্রেস নেত্রীর দাবি, মোদীর ভারত সম্পর্কে ধারণা গড়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) মতাদর্শ এবং তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে।

তবে এই মতপার্থক্যকে ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখতে নারাজ কংগ্রেস নেত্রী। তাঁর বক্তব্য, দু’জনেই নিজেদের মতো করে ভারতের ভবিষ্যতের জন্য লড়াই করছেন। লড়াইটা আসলে দু’টি পৃথক আদর্শ ও দৃষ্টিভঙ্গির।

মোদীর রাজনৈতিক উত্থান নিয়েও মন্তব্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উত্থান প্রসঙ্গেও নিজের পর্যবেক্ষণ সনিয়া জানিয়েছেন, দিল্লির ক্ষমতাকেন্দ্রিক অভিজাত মহলের জীবনযাপন ও আলোচনার সঙ্গে সাধারণ মানুষের বাস্তব সমস্যার দূরত্ব রয়েছে। এই অস্বস্তি তিনি নিজেও অনুভব করেছেন। সেই জায়গায় মোদীর অভিজ্ঞতার সঙ্গে কিছুটা মিল খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি লিখেছেন, ‘আমাদের সময়ের শাসক গোষ্ঠীর প্রতি মোদীর যে অস্বস্তি ছিল, তার কিছু দিক আমিও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। দিল্লির কোনও বৈঠকখানায় রাজনৈতিক আলোচনার মাঝে আমি প্রায়ই অস্বস্তিতে পড়তাম— মনে হতো, সেখানে হওয়া কথা বা মতামতগুলো বড্ড অভিজাত। মাটির ভারতের বাস্তবতা থেকে বহু দূরে।’ একই সঙ্গে তাঁর স্বীকারোক্তি, আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিমণ্ডল থেকে উঠে এসে RSS-এর মধ্যে নিজের মতো করে রাজনৈতিক ক্ষমতা ও অবস্থান তৈরি করেছেন মোদী।

এ ছাড়া সংসদে বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর আক্রমণাত্মক বক্তব্য এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঘিরে বিজেপির সমালোচনার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই অবস্থানের পিছনে RSS-এর মতাদর্শগত প্রভাব রয়েছে বলে মনে করেন সনিয়া।

‘Belonging: A Journey of Love’ বইটিতে নিজের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক উত্থান এবং গান্ধী-নেহরু পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন সনিয়া গান্ধী। তবে মোদী-সনিয়ার ব্যক্তিগত দূরত্বের পাশাপাশি দুই নেতার সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এই বিবরণ প্রকাশ্যে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *