বাজির বিকট শব্দই হলো কাল, ভয়ে দৌড়তে গিয়ে চোট, মৃত্যু ৬ বছরের শিশুর
আলোর উৎসবের আলোই ডেকে আনল সারা জীবনের মতো আঁধার। দিওয়ালির রাতে চারপাশে আতশবাজির রোশনাই দেখতে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিল ছ’বছরের হর্ষ। আচমকাই কাছে বিকট শব্দ করে ফাটে একটি বাজি। ভয়ে সিঁটিয়ে যায় সে। আতঙ্কে বাড়ির ভিতরে ছুটে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই দৌড়ই হলো কাল। তড়িঘড়ি দৌড়তে গিয়ে মাটিতে পড়ে যায় একরত্তি। মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। দীপাবলির পরদিন, অর্থাৎ সোমবার মৃত্যু হয় উত্তরপ্রদেশের মিরাটের ওই শিশুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার, ৮ নভেম্বর রাতে মিরাটের ব্রহ্মপুরী থানা এলাকার শিবশক্তি নগরে। মৃত শিশুর নাম হর্ষ। তার বাবা নীরজ একটি স্থানীয় প্রিন্টিং প্রেসে কাজ করেন। পরিবারের দাবি, সন্ধ্যাবেলা বাড়ির মূল দরজার কাছে দাঁড়িয়েছিলেন হর্ষ। সেই সময়ে প্রতিবেশী এক যুবক বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলেন। আচমকাই একটি বাজির তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি। ভয়ে ঘরের ভিতরে ছুটতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত লাগে।
রক্তাক্ত অবস্থায় ছেলেকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে স্থানীয় KMC হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতাল, আনন্দ হাসপাতালে স্থানান্তরিত করা হয় হর্ষকে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সোমবার সকালে মৃত্যু হয় তার।
শিশুটির বাবা নীরজের অভিযোগ, প্রতিবেশীর অসতর্ক ভাবে জোরে বাজি ফাটানোর কারণেই এই দুর্ঘটনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তে মাথায় আঘাতের বিষয়টি উঠে এসেছে। পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
FAQ
১. দিওয়ালির পরদিন ছ’বছরের শিশুর মৃত্যু কোথায় হয়েছে?
উত্তরপ্রদেশের মিরাটের ব্রহ্মপুরী থানা এলাকার শিবশক্তি নগরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
২. মৃত শিশুটির নাম কী?
মৃত শিশুটির নাম হর্ষ। তার বয়স ছ’বছর। তার বাবা নীরজ স্থানীয় একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন।
৩. কী ভাবে দুর্ঘটনার শিকার হয় হর্ষ?
অভিযোগ, বাড়ির সামনে বাজির বিকট শব্দে ভয় পেয়ে ঘরের ভিতরে দৌড়তে যায় হর্ষ। সেই সময়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত লাগে।
৪. কবে ঘটেছিল এই দুর্ঘটনা?
রবিবার, ৮ নভেম্বর দিওয়ালির রাতে মিরাটের শিবশক্তি নগরে দুর্ঘটনাটি ঘটে।
৫. কোন হাসপাতালে চিকিৎসা চলছিল শিশুটির?
প্রথমে হর্ষকে KMC হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আনন্দ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
৬. কবে মৃত্যু হয় ছ’বছরের শিশুটির?
সোমবার সকালে, দিওয়ালির পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হর্ষের।
৭. শিশুটির পরিবারের অভিযোগ কী?
হর্ষের বাবা নীরজের অভিযোগ, প্রতিবেশী এক যুবক অসতর্ক ভাবে বাড়ির সামনে জোরে বাজি ফাটাচ্ছিলেন। সেই বাজির বিকট শব্দেই ভয় পেয়ে দৌড়তে গিয়ে পড়ে যায় তাঁর ছেলে।
৮. ময়নাতদন্তে কী জানা গিয়েছে?
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে শিশুটির মাথায় আঘাতের বিষয়টি উঠে এসেছে। তদন্ত করছে পুলিশ।