প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়! সনিয়া গান্ধীর স্মৃতিকথায় চাঞ্চল্যকর দাবি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা দীর্ঘদিন ধরেই ছিল প্রণব মুখোপাধ্যায়ের। ২০১০ সালে কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে কথোপকথনে সেই ইচ্ছার ইঙ্গিতও দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি।…
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা দীর্ঘদিন ধরেই ছিল প্রণব মুখোপাধ্যায়ের। ২০১০ সালে কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে কথোপকথনে সেই ইচ্ছার ইঙ্গিতও দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সনিয়া গান্ধির সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, একদিন আলোচনার মাঝে প্রণববাবু সনিয়াকে বলেছিলেন, এবার হয়তো শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে। সনিয়ার দাবি, তাঁর কাছে এই মন্তব্যের অর্থ ছিল প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা পরোক্ষে জানানো।
বইয়ে সনিয়া লিখেছেন, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের মতবিরোধ তৈরি হয়েছিল। সেই নিয়ে একদিন নিজের অসন্তোষ প্রকাশ করার পর প্রণববাবু নেতৃত্বে বদলের প্রসঙ্গ তোলেন। সনিয়ার কথায়, “আমি বিষয়টি বুঝতে পেরেছিলাম প্রধানমন্ত্রী হওয়ার তাঁর দীর্ঘদিনের ইচ্ছার ইঙ্গিত হিসেবে।” তবে পরিস্থিতি সামাল দিতে তিনি সুকৌশলে আলোচনার প্রসঙ্গ বদলে দেন। প্রণববাবু মনে মনে হতাশ হয়ে থাকতে পারেন, কিন্তু পরে কখনও তাঁকে সেই অসন্তোষ বুঝতে দেননি বলেও জানিয়েছেন সনিয়া।
২০১২ সালে অবশ্য কংগ্রেসের সমর্থনেই রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী হন প্রণব মুখোপাধ্যায়। নির্বাচনে জয়ী হয়ে দেশের রাষ্ট্রপতি পদে বসেন তিনি। সনিয়া জানিয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার পরেও প্রণববাবুর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মূলত তাঁর জ্ঞান, অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞার জন্যই মাঝেমধ্যে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন।
মনমোহনই ছিলেন প্রধানমন্ত্রী, দাবি সনিয়ার
স্মৃতিকথায় ইউপিএ সরকারের সময় সনিয়া গান্ধি নেপথ্য থেকে সরকার চালাতেন বলে যে অভিযোগ উঠেছিল, তা-ও খারিজ করেছেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সনিয়া কংগ্রেস সভানেত্রীর দায়িত্বে ছিলেন। তাঁর বক্তব্য, সরকার পরিচালনার দায়িত্ব ছিল মনমোহন সিংয়ের হাতে। কংগ্রেস সভানেত্রী হিসেবে তিনি নিজের মতামত জানাতে পারতেন, পরামর্শ দিতে পারতেন কিংবা কোনও বিষয়ে মতপার্থক্য প্রকাশ করতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানানোই ছিল তাঁর দায়িত্ব।
সনিয়ার কথায়, সরকার ও দলের মধ্যে দায়িত্বের একটি অলিখিত ভাগাভাগি ছিল। মনমোহন সিং সরকার সামলাতেন, আর তিনি দেখতেন দলীয় সংগঠনের বিষয়গুলি। দু’পক্ষের মধ্যে সমন্বয় বজায় রাখতে প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ গোষ্ঠীর বৈঠক হত। সেই গোষ্ঠীতে ছিলেন প্রণব মুখোপাধ্যায়, অর্জুন সিং, এ কে অ্যান্টনি এবং আহমেদ পটেল। সংসদে কোন কোন বিষয় তোলা হবে, তা নিয়েও আলাদা কৌশলগত বৈঠক হত।
প্রধানমন্ত্রীর দফতরের ফাইল নিয়ে অভিযোগও খারিজ
ইউপিএ আমলে সনিয়া প্রধানমন্ত্রীর দফতর থেকে সরকারি ফাইল আনিয়ে দেখতেন এবং প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করতেন বলে একাধিকবার অভিযোগ উঠেছিল। স্মৃতিকথায় সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, সরকারি নিয়ম মেনে চলার বিষয়ে তিনি বরাবরই সতর্ক ছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর দফতরও একসময় বিবৃতি দিয়ে জানিয়েছিল, কোনও সরকারি ফাইল কখনও সনিয়া গান্ধিকে দেখানো হয়নি।
মনমোহন সিংয়ের এক প্রাক্তন সহযোগীর লেখা বইয়েও এই অভিযোগগুলি ফের সামনে আনা হয়েছিল বলে উল্লেখ করেছেন সনিয়া। তবে মনমোহনের মেয়ে উপিন্দর সিং ওই বইয়ের তীব্র সমালোচনা করেছিলেন। তাঁর মতে, সেটি ছিল বিশ্বাসভঙ্গের সামিল। সনিয়ার সঙ্গে তাঁর বাবার সম্পর্ক পারস্পরিক আস্থা ও সম্মানের উপর প্রতিষ্ঠিত ছিল বলেও জানিয়েছিলেন তিনি।
৫২৬ পাতার এই স্মৃতিকথাটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ঋগ্বেদের একটি মন্ত্র দিয়ে বইয়ের সূচনা করেছেন সনিয়া। সেখানে ঐক্যবদ্ধভাবে চলা, কথা বলা এবং একমত হয়ে কাজ করার বার্তা রয়েছে।
বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে থাকছে না তৎকাল কোটা, টিকিট বাতিলের নিয়মেও কড়াকড়ি
পাকিস্তান-বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুদের অভিবাসন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের