ডাক্তারের ঝুলন্ত দেহ: র‍্যাগিং ও খুনের অভিযোগ পরিবারের - 24 Ghanta Bangla News
Home

ডাক্তারের ঝুলন্ত দেহ: র‍্যাগিং ও খুনের অভিযোগ পরিবারের

Spread the love

এই সময়: ‘দয়া করে আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচান, নিরাপত্তার অভাব হচ্ছে।’

‘আর পেরে উঠছি না। এখনই সুরক্ষা প্রয়োজন।’

‘আমাকে মেরো না। যদি আমার মৃত্যু চাও, ঘুমের ওষুধ দাও। আমি ফেসবুক থেকে সব পোস্ট ডিলিট করে দেবো।’

…মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় এ ভাবেই বুকচাপা আতঙ্কে বার বার বাঁচার আকুতি জানিয়েছিলেন বছর ত্রিশের তরুণ চিকিৎসক অভিজিৎ সরকার। কিন্তু শেষরক্ষা হয়নি। দমদম নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে রবিবার, কালীপুজোর বিকেলে, উদ্ধার হয় এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তনী তথা জুনিয়র ডাক্তার অভিজিতের ঝুলন্ত দেহ। তবে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন ও চূড়ান্ত র‍্যাগিংয়ের পরিণতি বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের ভগ্নিপতি সুদীপ্ত সরকার। জুনিয়র ডাক্তারদের তরফেও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসক এনআরএস থেকে ২০২৪–এ এমবিবিএস পাশ করে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেছিলেন। বর্তমানে স্নাতকোত্তর এমডি কোর্সে সুযোগের জন্যে নিট–পিজি–র প্রস্তুতি নিচ্ছিলেন। মৃত্যুর আগে তাঁর একের পর এক সোশ্যাল মিডিয়া স্টেটাস ও পোস্ট গোটা ঘটনাকে অন্য মাত্রা দিয়েছে। কখনও তিনি লিখেছেন, ‘প্লিজ় স্টে অ্যালার্ট অ্যান্ড হেল্প মি সারভাইভ,’ আবার কখনও বলেছেন, ‘আমাকে ঘিরে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন।’

পরিবারের দাবি, এটি আত্মহত্যা তো নয়ই, বরং হস্টেলের অন্দরে প্রভাবশালী মহলের পরিকল্পিত খুন। থানায় দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, দিনের পর দিন মানসিক নির্যাতন ও র‍্যাগিং চালিয়ে অভিজিৎকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। মৃত্যুর আগেও পরিবারের সদস্যদের ফোন করে অভিজিৎ জানান, তাঁকে মেরে ফেলার চেষ্টা চলছে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করতে প্রবল চাপ দেওয়া হচ্ছে। নাগেরবাজারের ওই হস্টেলের আবাসিক এবং স্থানীয়দের একাংশের আবার দাবি, রবিবার হস্টেলের ভিতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা গিয়েছিল। যদিও র‍্যাগিং ও খুনের অভিযোগ ঠিক কাদের বিরুদ্ধে, তা স্পষ্ট করা হয়নি পরিবারের তরফে।

পুলিশ তদন্ত শুরু করে দেহটি ময়না–তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠায়। সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি করে পৌঁছে শোকার্ত পরিজনের সঙ্গে দেখা করে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। র‍্যাগিংয়ের জেরে আত্মহত্যা, নাকি নেপথ্যে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে—ময়না–তদন্তের রিপোর্ট ও ফরেন্সিক তদন্তেই স্পষ্ট হবে বলে জানান মন্ত্রী।

অভিজিতের বাবা জ্ঞানেন্দ্র সরকার বলেন, ‘ছেলে হস্টেলে র‍্যাগিয়ের শিকার বলে মনে হচ্ছে। খুনও করা হয়েছে বলে সন্দেহ। রবিবার বিকেল তিনটেয় শেষ ফোন করেছিল। আমাকেও বলেছিল সাবধানে থাকতে। তুমিও খুন হয়ে যেতে পারো।’ অভিজিতের বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের দক্ষিণপাড়ায়। সাপজোলা দেশবন্ধু হাইস্কুল থেকে ২০১৩–য় মাধ্যমিক ও বেথুয়াডহরি জেসিএম স্কুল থেকে ২০১৫–য় উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। ওই স্কুলের শিক্ষক গোলক মণ্ডল বলেন, ‘অভিজিৎ খুবই মেধাবী ছাত্র ছিল। ৯০ শতাংশের বেশি নম্বর পেত। ডাক্তারি পাশ করার পরে মাঝেমধ্যে বাড়ি এলেও মোবাইল, ল্যাপটপ নিয়ে বাড়িতেই থাকত। বাড়ির বাইরে সে ভাবে দেখা যেত না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *