ইরানের পরমাণু উৎপাদন ক্ষমতা ৮৫ শতাংশ কমে গিয়েছে, দাবি ট্রাম্পের! সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি

ওয়াশিংটন: ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা প্রায় ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে…
ওয়াশিংটন: ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা প্রায় ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে জানিয়েছেন যে, পরিস্থিতি অনুযায়ী মার্কিন বাহিনী ফের সামরিক পদক্ষেপ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তেহরানের ওপর ওয়াশিংটনের ধারাবাহিক চাপ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের আবহে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান যে তেহরানের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষমতা এখন তলানিতে ঠেকেছে। ট্রাম্পের দাবি, “ওদের (ইরান) উৎপাদনের ক্ষমতা কমে গেছে… এটি মূলত প্রায় ৮৫ শতাংশ শেষ হয়ে গেছে। ওরা আমাদের সঙ্গে কথা বলছে এবং অত্যন্ত বিনয়ের সঙ্গেই কথা বলছে, দেখা যাক কী হয়।” যুদ্ধ বা সংঘর্ষের অবসান ঘটার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিলেও, সামরিক বিকল্প যে পুরোপুরি টেবিলের বাইরে চলে যায়নি, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের স্পষ্ট কথা, “যদি আমাদের ফের ময়দানে নামতে হয়, তবে আমরা একেবারে প্রস্তুত এবং পদক্ষেপের জন্য তৈরি।”
এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প জানান যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে তাঁর একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেখানে ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন এবং কুয়েতের মতো দেশগুলি ইতিহাসের অন্যতম বৃহত্তম নৌ-অবরোধ এবং নতুন ঘোষিত ‘অপারেশন আয়রন গেট’-এর মতো কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতেই বেশি ইচ্ছুক বলে দাবি করেছেন তিনি। ইরানের পরমাণু অস্ত্র অর্জন সংক্রান্ত বিষয়ে মার্কিন অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প সাফ জানিয়েছেন, “সকলেই একমত হয়েছে যে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র রাখতে পারবে না, এটি নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা হতে পারে না!” মধ্যপ্রাচ্যে পরিস্থিতির বদল ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র যে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত, সে বার্তাও দিয়েছেন তিনি।
চলমান এই উত্তেজনার মাঝে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই সংঘাতের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একই সঙ্গে ইরানকে নিষিদ্ধ সীমারেখায় আটকে রাখতে স্থল ও জলপথে মার্কিন কড়াকড়ি আগামী দিনেও বজায় থাকবে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
ঢাকার বস্তির ছবি দেখিয়ে ভারতের নামে অপপ্রচার! দিল্লি বলে পরিচয় চিনা ভ্লগারদের
হোয়াইট হাউসের কাছে বড়সড় নাশকতার ছক বানচাল: এআর-১৫ রাইফেল ও অস্ত্রসহ গ্রেফতার যুবক