Calcutta High Court: এনকাউন্টার হতে পারেন অভিষেকের PA! হাইকোর্ট কী বলল? | Kolkata High Court Rejects Urgent Hearing Plea by Abhishek Banerjee’s PA Sumit Roy’s Wife Over Encounter Fears
কলকাতা হাইকোর্টের সুমিত রায়ের মামলাImage Credit: TV9 Bangla
কলকাতা: অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় এনকাউন্টার হতে পারেন—এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী। তবে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটির দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে এবং এটি নিয়মিত বেঞ্চে পাঠনোর নির্দেশ দিয়েছে।
সুমিতের স্ত্রীর বক্তব্য, স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের স্ত্রীর বক্তব্য, নগদ টাকা উদ্ধারের সঙ্গে সুমিতকে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। অথচ উদ্ধার করা টাকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন সুমিতের স্ত্রী। আদালত আগেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে সুস্মিতার মামলা শুনানি রয়েছে।
গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। ডায়মন্ড-হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার পুলিশ জানায়, সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে। যদিও, তা মানতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা পুলিশকে নিশানা করেন। তৃণমূল সাংসদের দাবি, পুলিশ পরিকল্পিত ভাবে ওই ঘটনা সাজিয়েছে। তাঁর আপ্তসহায়ক সুমিতকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ।