ফের বামেদের স্টলে হামলা
দুর্গাপুজোর পর এ বার কালীপুজোতেও বামেদের বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ উঠল। রবিবার কালীপুজোর দিন হাবরা ও নৈহাটিতে তাঁদের বুকস্টলে হামলা করা হয়েছে বলে অভিযোগ বামেদের। দু’টি ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপি অবশ্য যথারীতি সেই অভিযোগ অস্বীকার করেছে। কালীপুজো উপলক্ষে হাবড়া ২ গ্রামীণ এলাকায় বুকস্টল করেছিল এসএফআই। অভিযোগ, রবিবার বিজেপির কিছু কর্মী-সমর্থক সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এসএফআইয়ের ফ্রেক্স ছিঁড়ে ফেলা হয়। মনীষীদের ছবি খুলে মাটিতে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। বুকস্টলে থাকা যাবতীয় বইপত্র ছুড়ে বাইরে ফেলে দেওয়া হয়।