Train Accident: ভয়াবহ দুর্ঘটনা! চারিদিক ভেসে যাচ্ছে রক্তে, ট্রেনের কামরা থেকে বের করে আনা হল একের পর এক দেহ, তারপর... | Egypt Train Accident: Several Killed, Over 100 Injured as Two Trains Collide Near Cairo in Egypt - 24 Ghanta Bangla News
Home

Train Accident: ভয়াবহ দুর্ঘটনা! চারিদিক ভেসে যাচ্ছে রক্তে, ট্রেনের কামরা থেকে বের করে আনা হল একের পর এক দেহ, তারপর… | Egypt Train Accident: Several Killed, Over 100 Injured as Two Trains Collide Near Cairo in Egypt

Spread the love

কায়রো: মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Egypt Train Accident) । রবিবার কায়রোর দক্ষিণে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন ১০০-রও বেশি যাত্রী। নিহতদের মধ্যে একজন ট্রেনের চালকও রয়েছেন বলে জানা গিয়েছে। মিশরের পরিবহন মন্ত্রক সূত্রে খবর, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

রবিবার রাতেই তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক পরিদর্শনের পর জানা গিয়েছে, গিজা-ফাইয়ুমগামী ট্রেনটি একই লাইনে একই দিকে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ কামরায় ধাক্কা মারে। এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের জেরে একাধিক যাত্রী হতাহত হন।

স্থানীয় বাসিন্দা আয়মান গামাল জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ট্রেনের কামরা থেকে আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুল্যান্সে খবর দেন। তাঁর দাবি, প্রায় ৮০ জন আহতকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরার ভিতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করার পর মৃত অবস্থায় পাওয়া যায় বলেও জানিয়েছেন তিনি।

তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের

দুর্ঘটনার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি দ্রুত তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানান। মিশরের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিশরে বারবার রেল দুর্ঘটনা

মিশরে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং সংঘর্ষের ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই সে দেশের রেল ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলিতে রেল পরিষেবার আধুনিকীকরণের জন্য একাধিক উদ্যোগের কথা জানিয়েছে সরকার।

গত সেপ্টেম্বরেও আল-আয়াত এলাকাতেই দুটি মালগাড়ির সংঘর্ষে এক চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন। তবে মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ২০০২ সালে। কায়রো থেকে দক্ষিণ মিশনের দিকে যাওয়া একটি রাতের ট্রেনে আগুন লেগে ৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *