News Anchor: সন্ধ্যার বুলেটিনও পড়েছিলেন, বাড়িতে ফিরতেই অ্যাঙ্করকে গুলি করে খুন | Pak TV Anchor Rabia Ahsan Shot Dead at Home, Husband Confesses to Police
নিহত সঞ্চালিকা রাবিয়া আহসানImage Credit: TV9 Network
সন্ধ্যার বুলেটিনও পড়েছিলেন তিনি। রাত আটটায় ফিরেছিলেন বাড়ি। তখনও সব স্বাভাবিক ছিল। মা-বোন, স্বামী, দুই মেয়ে বাড়িতে। আচমকাই গুলি শব্দ। শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন মা-বোন। দেখেন রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ঘরের মধ্যেই টিভির জনপ্রিয় অ্যাঙ্কর ও প্রোগ্রাম হোস্টকে গুলি করে খুনের অভিযোগ। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছেন তাঁর স্ত্রী।
পাকিস্তানের বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক ও সংবাদ পাঠিকা রাবিয়া আহসানকে (Rabia Ahsan) রাওয়ালপিন্ডির নিজ বাসভবনে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহির খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকারও করেছেন।
রাওয়ালপিন্ডির আডিয়াসা রোডের গুলশনাবাদ এলাকার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৪১ বছর বয়সি রাবিয়া আহসান। ঘটনার সময় তাঁর মা ও বোনেরাও বাড়িতে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে তাঁর বোন বেডরুমে ছুটে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী আহসান তাহির খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন যে, পিস্তলটি নাড়াচাড়া করার সময় হঠাৎই তা থেকে গুলি বেরিয়ে যায়। তাঁর দাবি, পিস্তলটি যে লোড করা ছিল তা তাঁর জানা ছিল না এবং এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। বাড়ির এক পরিচারকও পুলিশকে একই কথা জানিয়েছেন।
রাবিয়া আহসান পাকিস্তানের একটি বেসরকারি নিউজ চ্যানেল ‘৯২ নিউজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন জনপ্রিয় অ্যাঙ্কর ও প্রোগ্রাম হোস্ট হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রবীণ সাংবাদিক আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে একটি কারেন্ট অ্যাফেয়ার্স শো সহ-সঞ্চালনা করতেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে এবং পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সি (PFSA)-র টিম নমুনা সংগ্রহ করেছে। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা দায়ের হয়েছে।