Jensen Huang affair: 'স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছি', সন্দেহভাজন চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন মার্কিন AI সংস্থার সিইও | 'I Was Unfaithful To My Wife', Nvidia CEO Jensen Huang Admits To Affair With Suspected Chinese Spy - 24 Ghanta Bangla News
Home

Jensen Huang affair: ‘স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছি’, সন্দেহভাজন চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন মার্কিন AI সংস্থার সিইও | ‘I Was Unfaithful To My Wife’, Nvidia CEO Jensen Huang Admits To Affair With Suspected Chinese Spy

Spread the love

সন্দেহভাজন চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে কী বললেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং?Image Credit: TV9 Bharatvarsh

ওয়াশিংটন: চার দশকের বেশি দাম্পত্য জীবন। শেষে এক সন্দেহভাজন চিনা গুপ্তচরের প্রেমে পড়ে স্ত্রীকে ঠকিয়েছেন তিনি। ওই সন্দেহভাজন চিনা গুপ্তচরের সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করে একথা জানালেন এনভিডিয়ার CEO জেনসেন হুয়াং। প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে তাঁর কর্মীদের কাছে একটি ইমেইল পাঠান তিনি। হুয়াং ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু’ ছিলেন, এমন খবরের ভিত্তিতে এনভিডিয়া তদন্ত শুরু করার পরই এই তথ্য সামনে এল।

গত ২৯ অক্টোবর ‘দ্য নিউইয়র্ক টাইমস’ তাদের প্রতিবেদনে দাবি করে, হুয়াং একটি চিনা গুপ্তচর চক্রের লক্ষ্যবস্তু ছিলেন। এই চক্রটি পরিচালনা করছিলেন অ্যালিস হুয়াং (ওরফে হুয়াং লে) নামে এক মহিলা ব্যবসায়ী। তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন এবং বেজিংয়ের কাছে এনভিডিয়া এআই (AI) চিপস ও গোপন তথ্য পাচার করছিলেন। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কম্পানি ‘মেগাস্পিড’-এর শীর্ষ কর্মকর্তা এবং চিনা নাগরিক অ্যালিস হুয়াংকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চিনের একজন গোয়েন্দা তথ্য সরবরাহকারী হিসেবে চিহ্নিত করেছে।

ইমেইলে জেনসেন স্বীকার করেছেন, তিনি তাঁর পরিবার এবং সমস্ত কর্মীদের কাছে ক্ষমা প্রার্থী এবং এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছেন। ইমেইলটি ‘আমাদের কম্পানির উদ্দেশ্যে একটি বার্তা’ হিসেবে পাঠানো হয়েছিল। সেখানে জেনসেন লেখেন, “আমি আমার পরিবার এবং আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার এই আচরণ তাকে এবং আমাদের সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি তার কোনও অজুহাত হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত।”

কম্পানির কর্মীদের উদ্দেশে এনভিডিয়ার সিইও লেখেন, “এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমার দায়িত্ব হল আপনাদের সেবা করা এবং আপনাদের বিশ্বাসের যোগ্য হওয়া। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা ফিরে পাওয়ার জন্য কাজ করে যাব।”

তদন্ত শুরু এনভিডিয়ার-

রবিবার এক বিবৃতিতে এনভিডিয়া বোর্ড জানায়, “প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন—এমন সাম্প্রতিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে” তারা একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে বোর্ড উল্লেখ করেছে, জাতীয় নিরাপত্তা বা কম্পানির কোনও গোপন তথ্য ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনও কারণ তারা এখনও পায়নি। তবে এই তদন্তে সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে।
বিবৃতিতে বলা হয়, “বোর্ড মার্কিন জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যা এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মেগাস্পিডের সঙ্গে লেনদেনকে “স্বাভাবিক” বলেছিল এনভিডিয়া-

সন্দেহভাজন চিনা এজেন্ট অ্যালিস হুয়াং মেগাস্পিড কম্পানির একজন শীর্ষ কর্মকর্তা। বাইডেন প্রশাসনের শেষের দিকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এই কম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তাদের সন্দেহ ছিল যে, কম্পানিটি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চিনকে এনভিডিয়া এআই (AI) চিপস পেতে সাহায্য করছে।
খবরটি প্রথম যখন সামনে আসে, তখন জেনসেন বলেছিলেন যে মেগাস্পিড কর্মকর্তাদের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক সম্পূর্ণ নিয়মমাফিক ছিল। তিনি আরও জানিয়েছিলেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর কথাবার্তা অন্য যেকোনও চিনা গ্রাহক বা কর্মকর্তাদের মতোই স্বাভাবিক ছিল। অ্যালিস এখন আর মেগাস্পিড কম্পানিতে নেই বলেও জানান জেনসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *