Higher Education in India: একই নম্বর, দুই মেয়ের ভবিষ্যৎ দুই পথে! উচ্চশিক্ষায় রাজ্যভেদে সুযোগের ফারাক কেন? | Two girls, same marks, different maps: Why college access changes by state - 24 Ghanta Bangla News
Home

Higher Education in India: একই নম্বর, দুই মেয়ের ভবিষ্যৎ দুই পথে! উচ্চশিক্ষায় রাজ্যভেদে সুযোগের ফারাক কেন? | Two girls, same marks, different maps: Why college access changes by state

Spread the love

কীভাবে ভৌগোলিক অবস্থান বদলে দেয় কলেজে পড়ার ভবিষ্যৎ?
Image Credit: TV9 Bangla

ভাবুন, ভারতের দুই প্রান্তে একই সপ্তাহে জন্ম হয়েছে দুই মেয়ের। একজনের নাম ধরা যাক মীনা। সে থাকে বিহারের একটি ছোট শহরে। অন্যজন নেহা, তার বাস চণ্ডীগড়ে। অঙ্কে দু’জনেই সমান দক্ষ, বাড়ির কাজ করার ব্যাপারে দু’জনেই সমান জেদি। ১৮ বছর বয়সে পরীক্ষার ফল বেরোলে দেখা গেল, দু’জনেই ঠিক একই নম্বর পেয়েছে। দুই বাড়ির মায়ের চোখেই আনন্দের জল। কিন্তু তারপর থেকেই, কাউকে কিছু না বলেই, তাদের জীবনের গল্প দু’দিকে মোড় নিতে শুরু করে।

নেহার মা বাড়ি থেকে এক ঘণ্টার বাসযাত্রার মধ্যে থাকা কলেজগুলির একটি তালিকা তৈরি করেন। তালিকাটি বেশ লম্বা। অন্যদিকে, মীনার বাবা খোঁজখবর নিয়ে জানতে পারেন, জেলায় মাত্র একটি কলেজ রয়েছে, যেখানে হাতে গোনা কয়েকটি বিষয়ে পড়াশোনার সুযোগ আছে। আর একটি কলেজ রয়েছে, যেখানে পৌঁছতে রাতভর ট্রেনে যাত্রা করতে হবে। অর্থাৎ হস্টেলে থাকা, ট্রেনের ভাড়া এবং শহরে মেয়েকে একা থাকতে দেওয়ার মতো বিষয়ও জড়িয়ে রয়েছে।

মীনার বাবা কোনও নিষ্ঠুর মানুষ নন। মেয়েকে তিনিও ভালোবাসেন। কিন্তু তাঁর মাথায় ঘুরতে থাকে সংসারের হিসাব-নিকাশ। পরিবারের একজন উপার্জনকারীর অভাব রয়েছে, তার উপর মেয়েকে এত দূরে পড়তে পাঠানোও সহজ সিদ্ধান্ত নয়। এই পরিবারের কেউ কোনও ভুল করেনি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিল ভৌগোলিক অবস্থানই।

উচ্চশিক্ষার পরিসংখ্যান কী বলছে?

ভারতের উচ্চশিক্ষার এই বৈষম্যের ছবিটা ধরা পড়ে সর্বশেষ অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন (AISHE)-এর তথ্যে। এই সমীক্ষায় কলেজে পড়ার উপযুক্ত বয়সের কত শতাংশ তরুণ-তরুণী বাস্তবে কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে, তা পরিমাপ করা হয়। একে বলা হয় গ্রস এনরোলমেন্ট রেশিও (GER) বা মোট ভর্তির হার।

সারা দেশে এই হার ২৮.৪ শতাংশ। সহজ ভাষায় বললে, কলেজে পড়ার বয়সি প্রতি ১০ জন তরুণ-তরুণীর মধ্যে প্রায় তিনজন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বাকি সাতজন উচ্চশিক্ষার বাইরে থেকে যাচ্ছে।

এই পরিসংখ্যানের মধ্যেও অবশ্য আশার আলো রয়েছে। ভারতের উচ্চশিক্ষার ইতিহাসে দীর্ঘদিন মেয়েরা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে ছিল। কিন্তু এই সমীক্ষায় দেখা যাচ্ছে, মহিলাদের উচ্চশিক্ষায় ভর্তির হার ২৮.৫ শতাংশ, যেখানে পুরুষদের ক্ষেত্রে তা ২৮.৩ শতাংশ। অর্থাৎ ব্যবধান শুধু ঘুচেই যায়নি, সামান্য হলেও মেয়েরা এগিয়ে গিয়েছে।

তফসিলি জাতি (SC) পড়ুয়াদের ক্ষেত্রে এই হার ২৫.৯ শতাংশ এবং তফসিলি জনজাতি (ST) পড়ুয়াদের ক্ষেত্রে ২১.২ শতাংশ। দু’টি হারই জাতীয় গড়ের চেয়ে কম। এই ব্যবধান এখনও পুরোপুরি মেটেনি। তবে সংরক্ষণ ও বৃত্তির মতো সরকারি উদ্যোগের ফলে এই দুই সম্প্রদায়ের বহু পড়ুয়া এখন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পৌঁছতে পারছে।

সবচেয়ে বড় বিভাজন কি রাজ্যভিত্তিক?

এবার এই ছোট ছোট ব্যবধানের পাশে রাজ্যভিত্তিক পরিসংখ্যানটি রাখুন-

চণ্ডীগড়ে উচ্চশিক্ষায় ভর্তির হার ৬৪.৮ শতাংশ। পুদুচেরিতে ৬১.৫ শতাংশ এবং দিল্লিতে ৪৯ শতাংশ। অন্যদিকে, তালিকার একেবারে নীচের দিকে রয়েছে বিহার, যেখানে এই হার মাত্র ১৭.১ শতাংশ। ঝাড়খণ্ডে ১৮.৬ শতাংশ এবং উত্তরপ্রদেশে ২৪.১ শতাংশ।

অর্থাৎ তালিকার শীর্ষে থাকা রাজ্য ও একেবারে নীচে থাকা রাজ্যের মধ্যে ব্যবধান প্রায় চার গুণ। এর পাশে ছেলে ও মেয়েদের মধ্যে ভর্তির হারের পার্থক্যকে খুবই সামান্য বলে মনে হয়। একইভাবে, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে জাতীয় গড়ের ব্যবধানও তুলনায় কম। তরুণ ভারতীয়দের মধ্যে বৈষম্যের যতগুলি রেখা এই তালিকায় দেখা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে স্পষ্ট রেখাটি টানা হয়েছে রাজ্যের সীমানা ঘিরে।

এই তুলনার মধ্যেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়-

তবে এই তুলনা করার সময় একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। কোনও পড়ুয়াকে তাঁর জন্মস্থান বা বেড়ে ওঠার রাজ্য অনুযায়ী নয়, তিনি যে রাজ্যে পড়াশোনা করছেন, সেই রাজ্যের হিসাবেই গণনা করা হয়। চণ্ডীগড় ও দিল্লির মতো শহরে অন্য রাজ্য থেকেও বহু পড়ুয়া পড়তে আসে। ফলে এই দুই জায়গায় উচ্চশিক্ষায় ভর্তির হার বেশি হওয়ার পিছনে শুধু স্থানীয় পড়ুয়াদের অবদান নেই, বাইরের রাজ্য থেকে আসা পড়ুয়ারাও রয়েছেন।

অর্থাৎ, সেখানে জন্মানো কোনও পড়ুয়ার ক্ষেত্রে এই সুবিধার পরিমাণ পরিসংখ্যানে দেখানো হারের চেয়ে কিছুটা কম হতে পারে। তা সত্ত্বেও সুযোগের ব্যবধান যে অনেকটাই বড়, তা অস্বীকার করার উপায় নেই। আর তালিকার নীচের দিকে থাকা রাজ্যগুলির অবস্থানও বদলে যায় না।

কীভাবে ভৌগোলিক অবস্থান বদলে দেয় কলেজে পড়ার ভবিষ্যৎ?

এর পিছনের কারণগুলি খুব একটা রহস্যজনক নয়। যদিও একটি কারণ দিয়ে গোটা বিষয়টি ব্যাখ্যা করা সম্ভব নয়। যে এলাকায় কাছাকাছি অনেক কলেজ রয়েছে, সেখানে বাসে যাতায়াত করেই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। অন্যদিকে, যে রাজ্যে স্কুলের গণ্ডি পেরিয়ে আসা পড়ুয়ার সংখ্যা বেশি, সেখানে কলেজে ভর্তির জন্য প্রতিযোগিতাও বেশি হয়। আবার যে রাজ্যে বহু পড়ুয়া অষ্টম বা দশম শ্রেণির পরেই পড়াশোনা ছেড়ে দেয়, সেখানে কলেজের দরজায় পৌঁছনোর আগেই অনেকের শিক্ষাজীবন থেমে যায়।

এছাড়া এমন বহু পরিবার রয়েছে, যেখানে সংসার চালানোর জন্য আরও একজন উপার্জনকারীর প্রয়োজন। সেক্ষেত্রে তরুণ-তরুণীদের পড়াশোনাই সবার আগে বন্ধ হয়ে যায়। যে রাজ্যে স্নাতকের সংখ্যা কম, সেখানে নিজেদের রাজ্য থেকেই পর্যাপ্ত শিক্ষক, চিকিৎসক ও ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার সুযোগও কম থাকে। ফলে পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রেও ঘাটতি থেকে যায়। এভাবেই বৈষম্যের চক্র নিজেই নিজের শক্তি বাড়াতে থাকে।

দুই মেয়ে, কিন্তু সুযোগের মানচিত্র এক নয়-

শেষ পর্যন্ত মীনা রাতের ট্রেনে চেপে অন্য শহরে পড়তে গেল। নেহাকে সেই ঝুঁকি নিতে হয়নি। মীনা ও নেহা, দু’জনেই কাল্পনিক চরিত্র। কিন্তু তাদের জীবনের যে বৈষম্যের ছবি তুলে ধরা হয়েছে, তা মোটেও কাল্পনিক নয়। তার পিছনে রয়েছে বাস্তব পরিসংখ্যান।

একজন মেয়ে কোথায় জন্মাবে, তা বেছে নেওয়ার ক্ষমতা তার নেই। অথচ তার জন্মের বহু আগে মানচিত্রে টানা রাজ্যের সীমানাই অনেকটা ঠিক করে দেয়, ভবিষ্যতে তার সামনে কতটা সুযোগ খুলে যাবে। এমনকী, বর্ণপরিচয় শেখার আগেই তার জীবনের সম্ভাবনার অনেকটা নির্ধারিত হয়ে যায়। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিকের সমানাধিকারের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতি কখনও কোনও রাজ্যের সীমানায় এসে থেমে যাওয়ার কথা নয়।

আপনার জন্ম যদি পাশের কোনও রাজ্যে হত, তা হলে কি আপনার জীবনপথও শেষ পর্যন্ত কলেজের দরজায় পৌঁছত?

তথ্যসূত্র: অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন (AISHE) ২০২১-২২, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (লিঙ্গ, সামাজিক শ্রেণি ও রাজ্যভিত্তিক গ্রস এনরোলমেন্ট রেশিও); ভারতের সংবিধানের প্রস্তাবনা।

বিশেষ দ্রষ্টব্য: মীনা ও নেহা কাল্পনিক চরিত্র, কিন্তু তাঁদের ঘিরে থাকা পরিসংখ্যান বাস্তব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *