Bigg Boss Bangla eviction: বিগ বসের ঘর থেকে বাইরে আসতেই ধর্ষণের হুমকি পেলেন নন্দিনী, কী ঘটেছে? | Nandini Dutta Evicted From Bigg Boss Bangla, Faces Threats and Extreme Fan Reactions
নন্দিনী দত্ত (Nandini Dutta) বিগ বস বাংলার ঘর থেকে আউট! বিগ বসের অন্দরমহলের চেয়ে বাইরের পরিস্থিতি এখন অনেক বেশি উত্তপ্ত। রাজবীরের গায়ে হাত তুলে শো থেকে বাদ পড়েছেন তিনি। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় রেগে একেবারে আগুন। কিন্তু বাইরে এসে নিজের সোশাল মিডিয়া খুলতেই চোখ কপালে উঠল অভিনেত্রীর। ইনবক্সে যেমন আছে ভক্তদের ভালোবাসার মেসেজ, তেমনই রয়েছে ভয়ংকর ধর্ষণের হুমকিও! কী বলেছেন অভিনেত্রী?
রেগে আগুন সৌরভ গঙ্গোপাধ্যায়
শনিবার বিগ বসের ‘দাদার দরবার’ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। রাজবীরের গায়ে হাত তোলার চরম শাস্তি পেলেন নন্দিনী। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে সরাসরি শো থেকে বেরিয়ে যেতে বলেন। সৌরভ স্পষ্ট জানান, এই কাজ যদি দুর্নিবার, রাজবীর বা জিতু করত, তবে কলার ধরে বের করে দিতেন তিনি। এমনকী ট্রেনের টিকিট দিয়ে বাড়ি পাঠাতেন, প্লেনেরও কোনও ব্যবস্থা করতেন না। কান্নায় ভেঙে পড়ে দাদার কাছে বারবার ক্ষমা চাইলেও কোনও লাভ হয়নি। যাওয়ার আগে রাজবীরকে জড়িয়ে ধরে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। কিন্তু শেষমেশ চোখের জলেই বিদায় নিতে হল তাঁকে।
সোশাল মিডিয়ায় তোলপাড়
তবে আসল গল্প শুরু হল বিগ বসের ঘরের বাইরে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নন্দিনী জানান এক ভয়ংকর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ফোন হাতে পেতেই দেখেন সোশাল মিডিয়া মেসেজে ভরে গিয়েছে। ভালো-খারাপ দু’ধরনের মন্তব্যই আসছে। তবে কিছু মেসেজ দেখে শিউরে উঠেছেন তিনি। কেউ কেউ নাকি তাঁকে সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছে! অন্যদিকে, কিছু অন্ধ ভক্ত আবার অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে। নন্দিনী জানিয়েছেন, অনেকেই সোশাল মিডিয়ায় লিখছেন, “নন্দিনী বাদ পড়েছে বলে আমরা হাত কেটে নেব!” ভক্তদের এমন কাণ্ডকারখানা দেখে রীতিমতো অবাক অভিনেত্রী নিজেও।
এবার কী করবেন রাজবীর?
এর আগে যখন নন্দিনীকে সিক্রেট রুমে রাখা হয়েছিল, তখন রাজবীরের গেম প্ল্যান অনেকটাই বদলে গিয়েছিল। কিন্তু নন্দিনী ফিরতেই আবার সেই পুরনো প্রেমিক অবতারে ফিরেছিলেন তিনি। এবার তো নন্দিনী পাকাপাকিভাবে আউট। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, নন্দিনী তো চিরতরে বিদায় নিল, এবার বিগ বসের ঘরে রাজবীরের নতুন চাল কী হবে? সোশাল মিডিয়ায় এখন শুধুই এই নিয়ে চর্চা।