২০২৭ বন্ধ হচ্ছে Tesla Cybertruck-এর উৎপাদন! সোশ্যাল মিডিয়ায় মন্তব্য, ‘পৃথিবী সুস্থ হচ্ছে’

মুম্বই: বাজারে আসার মাত্র চার বছরের মধ্যেই উৎপাদন বন্ধ হতে চলেছে Tesla Cybertruck-এর। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আমেরিকার টেক্সাসের Gigafactory-তে এই বৈদ্যুতিক পিকআপ ট্রাকের উৎপাদন…
মুম্বই: বাজারে আসার মাত্র চার বছরের মধ্যেই উৎপাদন বন্ধ হতে চলেছে Tesla Cybertruck-এর। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আমেরিকার টেক্সাসের Gigafactory-তে এই বৈদ্যুতিক পিকআপ ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করেছে Tesla। সংস্থার CEO ইলন মাস্ক X-এ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর দাবি, Cybertruck-এর উৎপাদন বন্ধ হলে সেই উৎপাদন ক্ষমতা ব্যবহার করে আরও বেশি Cybercab তৈরি করা সম্ভব হবে।
২০১৯ সালে কনসেপ্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিল Cybertruck। প্রথমে ২০২১ সালে বাজারে আনার পরিকল্পনা থাকলেও একাধিক কারণে পিছিয়ে যায় লঞ্চ। শেষ পর্যন্ত ২০২৩ সালে টেক্সাসের Gigafactory-তে উৎপাদন শুরু হয় এবং বাজারে আসে গাড়িটি। ফলে উৎপাদন শুরুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই মডেলের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল Tesla।
প্রত্যাশা পূরণ করতে পারেনি Cybertruck?
Cybertruck-কে Tesla তাদের অন্যতম ফ্ল্যাগশিপ প্যাসেঞ্জার ভেহিকল হিসেবে তুলে ধরেছিল। বৈদ্যুতিক পিকআপের বাজারে Ford F-150 Lightning-এর মতো মডেলের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য ছিল সংস্থার। বর্তমানে আমেরিকা, মেক্সিকো, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরবে বিক্রি হয় এই গাড়ি।
প্রথমদিকে Cybertruck-কে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে বিক্রি ও জনপ্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। গাড়িটির তীক্ষ্ণ ও বিতর্কিত বহিরাবরণ অনেকের কাছে আকর্ষণীয় হলেও সবার পছন্দ হয়নি। বিশেষ Stainless Steel Alloy দিয়ে তৈরি বডি ডিজাইনও গাড়িটির অন্যতম পরিচিত বৈশিষ্ট্য।
ইউরোপের নিরাপত্তা বিধি পূরণ করতে না পারায় সেই বাজারেও Cybertruck প্রবেশ করতে পারেনি। ফলে বিশ্বের অন্যতম বড় গাড়ির বাজারে বিক্রির সুযোগ হারায় Tesla।
দাম ও বিতর্কেও ধাক্কা বিক্রিতে
২০১৯ সালে কনসেপ্ট প্রকাশের সময় Cybertruck-এর যে দাম ঘোষণা করা হয়েছিল, উৎপাদন ও বিক্রির সময় তার তুলনায় দাম অনেকটাই বেশি হয়ে যায়। পাশাপাশি ইলন মাস্ককে ঘিরে বিভিন্ন বিতর্কও গাড়িটির জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে মনে করা হয়।
এখনও পর্যন্ত Cybertruck-এর মোট বিক্রি ৬৩ হাজার ইউনিট ছাড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু উৎপাদনের আগে মাস্ক বছরে ২ লক্ষ ৫০ হাজার ইউনিট বিক্রির যে সম্ভাবনার কথা বলেছিলেন, বাস্তব বিক্রি তার তুলনায় অনেকটাই কম।
‘The world is healing’, সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
উৎপাদন বন্ধের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেউ আবার Cybertruck নিয়ে মজা করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, “Cybertruck-এর সর্বনাম এখন was/were।” অন্য একজনের মন্তব্য, তিনি কখনও গাড়িটি অপছন্দ করেননি, কারণ রাস্তায় দেখলেই হাসির সুযোগ পাওয়া যায়।
আরও একজন প্রশ্ন করেছেন, “আপনি কি আনন্দে আত্মহারা?” আবার এক ব্যবহারকারীর দাবি, যাঁরা গাড়িটি কিনতে চান, তাঁদের জন্য আগামী আট বছরও স্টকে Cybertruck পাওয়া যেতে পারে।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি সংক্ষিপ্ত মন্তব্য, “The world is healing।” অর্থাৎ, পৃথিবী যেন আবার সুস্থ হয়ে উঠছে।
Cybertruck-এর জায়গা নেবে Cybercab
Cybertruck-এর উৎপাদন বন্ধ করে Tesla মূলত তাদের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ট্যাক্সি Cybercab তৈরিতে বেশি গুরুত্ব দিতে চাইছে। Model S এবং Model X-এর উৎপাদন বন্ধ করে Optimus রোবট তৈরিতে উৎপাদন ক্ষমতা ব্যবহারের পরিকল্পনার পর এ বার Cybertruck নিয়েও একই ধরনের সিদ্ধান্তের কথা জানাল সংস্থা।
Cybercab সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য তৈরি। এতে স্টিয়ারিং হুইল, প্যাডেল, বাইরের Rear View Mirror বা পিছনের উইন্ডস্ক্রিন নেই। Butterfly Door-সহ এই গাড়িকে Tesla-র ভবিষ্যতের Ride-hailing পরিষেবার ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
Cybertruck-এর উৎপাদন বন্ধ হলে Tesla-র বিশ্বব্যাপী প্যাসেঞ্জার ভেহিকল তালিকায় মূলত Model 3 এবং Model Y-ই থাকবে। ২০২৮ সালে পরবর্তী প্রজন্মের Roadster-এর ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কম দামের একটি ছোট বৈদ্যুতিক গাড়ি তৈরির কাজও Tesla করছে বলে জল্পনা রয়েছে। তবে সেই মডেলের লঞ্চের সময় এখনও জানা যায়নি।
Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business