ড্রোন থেকে পদ্মফুল, শহিদ মিনারের বাজি বাজারে অভিনব চমক

কলকাতা: ড্রোন, হেলিকপ্টার, পদ্মফুল, হাতি কিংবা ময়ূর। কালীপুজো (Kali Puja 2026) ও দীপাবলির আগে শহিদ মিনার ময়দানের বাজি বাজারে এ বার নজর কাড়ছে নানা ধরনের অভিনব আতশবাজি। চিরাচরিত বাজির পাশাপাশি এমন কিছু পণ্য বাজারে এসেছে, যা জ্বালানোর পর আকাশে উড়ে যায়, ঘুরতে থাকে কিংবা রংবেরঙের আলোর ফোয়ারা তৈরি করে। ক্রেতাদের আকর্ষণ করতে শিবাকাশির NEERI অনুমোদিত বাজি এ বার অনেকটাই কম দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
বাজি বাজারে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে ড্রোন ও হেলিকপ্টার বাজি। আগুন ধরানোর পর এগুলি ঘুরতে ঘুরতে উপরে ওঠে এবং আকাশে ছড়িয়ে দেয় ঝলমলে আলোর ঝরনা। বাজি বিক্রেতা সুশীল গোলচার কথায়, এ বার ক্রেতারা নতুন ধরনের আতশবাজি খুঁজছেন। ড্রোন ও হেলিকপ্টার বাজির চলন এবং আকাশে উঠে আলোর খেলা দেখানোর বিষয়টি তাঁদের বিশেষভাবে আকর্ষণ করছে।
ড্রোন ও হেলিকপ্টার বাজিতে নজর
ড্রোন বাজির পাঁচটি প্যাকেটের সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP ১,২০০ টাকা। তবে শহিদ মিনারের বাজারে সেটি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। অন্যদিকে, হেলিকপ্টার বাজির MRP ৭৭৫ টাকা হলেও বাজারে মিলছে ৩৫০ টাকায়।
শুধু আকাশে ওড়া বাজি নয়, ফুলের মতো খুলে যাওয়া ফোয়ারা বাজিও ক্রেতাদের আকর্ষণ করছে। এর মধ্যে পদ্মফুল ফোয়ারা অন্যতম জনপ্রিয়। বাজিটি জ্বালানোর পর পদ্মফুলের মতো খুলে গিয়ে রঙিন আলোর প্রদর্শনী তৈরি করে। এর MRP ৪,৮০০ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে প্রায় ১,৪০০ টাকায়।
পরিবারের সঙ্গে বাজি পোড়ানোর জন্য হাতি ফোয়ারাও কিনছেন অনেকে। হাতির আদলে তৈরি এই বাজিতে আগুন ধরালে শুঁড়ের অংশ থেকে বারবার ফুলঝুরির মতো আলোর ফোয়ারা বের হয়। প্রায় এক মিনিট ধরে চলে এই প্রদর্শনী। হাতি ফোয়ারার MRP ৩,৩০০ টাকা, বাজারে দাম ১,২৫০ টাকা।
সুশীল গোলচার কথায়, পদ্মফুল, হাতি এবং ময়ূর আকৃতির বাজি দেখতে আকর্ষণীয় এবং তুলনায় বেশিক্ষণ চলে। তাই বাড়িতে উৎসবের সময়ে এগুলিকে বিশেষ আকর্ষণ হিসেবে বেছে নিচ্ছেন অনেক পরিবার।
গাড়ির দৌড় থেকে ময়ূরের আলোর খেলা
মাটিতে চলতে চলতে আলোর প্রদর্শনী তৈরি করে কার রেস বাজি। আগুন ধরানোর পর গাড়িটি তিন দফায় সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ থেমে ফের ফোয়ারা ছাড়ে। এর MRP ২,৫০০ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ৯৭৫ টাকায়।
ময়ূর আকৃতির বাজিটিও ক্রেতাদের নজর কাড়ছে। জ্বালানোর পর ময়ূরের মতো আকৃতি থেকে রঙিন আগুন ও আলোর প্রদর্শনী তৈরি হয়। এর MRP ১,১৭০ টাকা, বিক্রির দাম ৪৭৫ টাকা।
১০০ শটের মাল্টিকালার বাজিও বেশ জনপ্রিয়। প্রায় তিন মিনিট ধরে চলে এই আতশবাজি। MRP ৩,৬৫০ টাকা হলেও বাজারে পাওয়া যাচ্ছে ১,৫০০ টাকায়।
এ ছাড়া শিশুদের জন্য স্পার্কলার বা ফুলঝুরি, রঙিন ফোয়ারা, ক্র্যাকলিং ফোয়ারা এবং সিলভার ফোয়ারার মতো বাজিও রয়েছে। ক্রেতাদের নজর কাড়ছে সবুজ ফোয়ারা। ক্রিসমাস ট্রির মতো আকৃতি নিয়ে এটি প্রায় ৬০ ফুট উচ্চতা পর্যন্ত উঠে যায় বলে জানাচ্ছেন বিক্রেতারা।
ম্যাজিক্যাল মাশরুম, ম্যাকাও ও স্বস্তিক চক্র
বাজি বাজারে রয়েছে ম্যাজিক্যাল মাশরুম, ম্যাকাও এবং স্বস্তিক চক্রও। ম্যাজিক্যাল মাশরুম ও ম্যাকাও মূলত ফোয়ারা ধরনের আতশবাজি। জ্বালানোর পর এগুলি থেকে রঙিন আলোর ঝরনা বের হয়।
ম্যাজিক্যাল মাশরুমের MRP ১,৭৪৩ টাকা, বাজারে দাম ৭০০ টাকা। ম্যাকাওয়ের MRP ১,০৪৮ টাকা হলেও বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। অন্যদিকে, পাঁচটি স্বস্তিক চক্রের একটি বাক্সের MRP ২,০২৮ টাকা। বাজারে সেটি পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।
বাজি বিক্রেতা মহম্মদ আরিফ জানিয়েছেন, তরুণ ক্রেতাদের মধ্যে শট ও শেল ধরনের বাজির চাহিদা বেশি। অন্যদিকে, পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য অনেকে ফুলঝুরি, ফোয়ারা এবং সাজানো আতশবাজি কিনছেন।
শহিদ মিনারের বাজি বাজারে এ বার ঐতিহ্যবাহী বাজির পাশাপাশি অভিনব নকশা ও আলোর প্রদর্শনীই বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। তবে বাজি কেনার ক্ষেত্রে অনুমোদিত পণ্য বেছে নেওয়ার পাশাপাশি নির্ধারিত সময় ও নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.