চেন্নাইয়িনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের চিন্তা, অনিশ্চিত আনোয়ার আলি
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দিন কয়েক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এসিএল টুয়ের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তারা লড়াই করেছিল ওমানের শক্তিশালী আল সিবের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দিন কয়েক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এসিএল টুয়ের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তারা লড়াই করেছিল ওমানের শক্তিশালী আল সিবের বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে তাদের আটকানো সম্ভব হলেও যুবভারতীতে সেটা কার্যকরী হয়নি। শেষ মুহূর্তে জোড়া গোল হজম করে পরাজিত হতে হয়েছিল দলকে। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ লাল-হলুদের। সেইসাথে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলির চোট সমস্যা। যা পরিস্থিতি তাতে চলতি মাসে হয়তো আর দলের হয়ে নামতে পারবেন না তিনি।
যেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় সকলের কাছেই। এসবের মাঝেই আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে নামবে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, জয়ের মধ্য দিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু করেছে মশাল ব্রিগেড। প্রথম দুইটি ম্যাচে অনায়াসেই তারা আটকে দিয়েছিল টুর্নামেন্টের নতুন দল চার্চিল ব্রাদার্স সহ ইন্টার কাশী দলকে। গোল পেয়েছিলেন দানি রামিরেজ থেকে শুরু করে আকে আর্নড লোবা সহ লুকাস জেলেন্সকিদের মত ফুটবলাররা। পয়েন্ট তালিকার নিরিখে লাল-হলুদের থেকে যথেষ্ট পিছিয়ে রয়েছে দক্ষিণের এই ফুটবল দল।
তবে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন দলকে যে হারানো সহজ হবে না সেটা ভালো মতোই জানেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই দল নিয়ে শহর ছাড়ার আগে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সাবধানী থাকতে দেখা গিয়েছিল এই স্প্যানিশ কোচকে। কিন্তু প্রশ্ন হল আনোয়ারের বদলে কাকে সুযোগ দিতে পারেন লাল-হলুদের হেডস্যার। সেক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রাখা যায় লালচুংনুঙ্গাকে। তবে পরবর্তী পরিস্থিতি বুঝে সন্দীপ মান্ডিকে মাঠে নামালে ও অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়াও দলের রক্ষণভাগ সামাল দেওয়ার গুরু দায়িত্ব থাকতে পারে বিদেশি ডিফেন্ডার দিয়াগো জিভুলিচের কাঁধে।
গত দুইটি ম্যাচের পর এবার সেই জয়ের ধারা বজায় রাখা সম্ভব হলে পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে উঠে আসতে পারবে মশাল ব্রিগেড।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.