Tirupati Temple Kolkata: জানেন কলকাতার কোথায় কোথায় রয়েছে তিরুপতির মন্দির? | tirupati balaji temple in kolkata locations and newtown project update
অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির—যিনি বিশ্বের অন্যতম ধনী দেবতা হিসেবে পরিচিত। তেলেগু ভাষায় ‘তিরু’ কথার অর্থ শ্রী বা লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর পতি। ভক্তি, বিশ্বাস এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই মন্দিরের টানে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট শিল্পপতি ও তারকারা। ভক্তদের বিশ্বাস, বালাজির কাছে আন্তরিকভাবে কিছু মানত করলে তা নিশ্চিতভাবেই পূর্ণ হয়। কিন্তু দক্ষিণ ভারতের এই পবিত্র ধামে সবসময় যাওয়া কি আর সবার পক্ষে সম্ভব? আর সেই কারণেই এবার কলকাতার বুকেই তিরুপতি বালাজির মন্দির গড়ে তোলার বড় ঘোষণা করা হল। নিউটাউনে একটি বিশাল তিরুপতি মন্দির গড়ে তোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন, “মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানিকে বলেছি, তারা ১৭ একর জমি কিনে নেবেন এবং এখানে তিরুপতির মন্দির হবে। অম্বানিজিকে অনুরোধ করেছি খুব সুন্দর মন্দির বানাতে, যেখানে ভক্তদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হবে। তাঁরা তাতে রাজি হয়েছেন।”
তিলোত্তমা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তিরুপতি বালাজির আদলে কয়েকটি মন্দির রয়েছে, যেখানে প্রতিদিন বহু ভক্ত ভিড় জমান। নিউটাউনে নতুন মন্দির হওয়ার আগে কলকাতার বুকে বালাজির আশীর্বাদ নিতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই জায়গাগুলো থেকে।
১. শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির (জোড়াসাঁকো): কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো এলাকার ১২/এ, কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিটে তিরুপতি মন্দিরের সম্পূর্ণ আদলে তৈরি হয়েছে এই শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির। দক্ষিণ ভারতের স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায় এই মন্দিরে।
২. লর্ড তিরুপতি মন্দির (অশোক নগর / এন এস বোস রোড): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস রোড সংলগ্ন অশোক নগর এলাকায় রয়েছে একটি সুপরিচিত তিরুপতি মন্দির।
৩. তিরুপতি বালাজি মন্দির (হরিণাভি): দক্ষিণ কলকাতার শহরতলি সংলগ্ন হরিণাভি এলাকায় অবস্থিত এই মন্দিরটি স্থানীয় ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি আরাধনা ক্ষেত্র।
৪. লর্ড তিরুপতি মন্দির (রিজেন্ট পার্ক / টালিগঞ্জ): কলকাতার রিজেন্ট পার্ক ও টালিগঞ্জ এলাকার বাসিন্দাদের জন্যও বালাজির দর্শন পাওয়ার সুযোগ রয়েছে স্থানীয় এই মন্দিরে।
অন্ধ্রপ্রদেশের মূল মন্দিরে যাওয়ার সুযোগ না থাকলেও কলকাতার এই মন্দিরগুলিতে ভক্তরা নিজেদের মনস্কামনা নিয়ে উপস্থিত হন। আর অদূর ভবিষ্যতে নিউটাউনে অম্বানিদের উদ্যোগে তিরুপতির আদলে গড়ে ওঠা এই নতুন মেগা মন্দির যে বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।