‘শেষ টেস্ট বল করা হয়ে গিয়েছে…’, নিউ জ়িল্যান্ড সফর থেকে বাদ পড়াই কি সামির অবসরের কারণ?
‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, কিন্তু স্মৃতিগুলোকে নয়’
ইনস্টাগ্রামে অবসরের কথা জানিয়ে সামি লেখেন, ‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু এই জার্সির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে কখনও বিদায় জানাতে পারব না। প্রথম বার যখন ভারতের টেস্ট জার্সি গায়ে তুলেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল— দেশের জন্য কিছু করা। তার পর থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিবার ফিরে আসা আমাকে নতুন কিছু শিখিয়েছে।’
টেস্ট ক্রিকেট যে তাঁর কাছে শুধু একটি খেলার ফরম্যাট ছিল না, সে কথাও স্পষ্ট করেছেন সামি। তাঁর দাবি, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি ফরম্যাট ছিল না। এটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আজ অনেক সুন্দর স্মৃতি আর ভারাক্রান্ত মন নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। এই দীর্ঘ যাত্রায় আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো ও খারাপ, সব সময়েই যাঁরা আমার পাশে থেকেছেন এবং আমার উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’
ইডেনে অভিষেকেই নজর কেড়েছিলেন, লর্ডসে ব্যাট হাতেও নায়ক
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল পেসার হিসেবেই টেস্ট কেরিয়ার শেষ করলেন সামি। প্রায় এক দশক ধরে ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। নিখুঁত সিম পজিশন এবং যে কোনও পিচ থেকে বল সুইং করানোর ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।